তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত বিএনপি : মির্জা আব্বাস
অনলাইন ডেস্ক
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত বিএনপি বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার বিকেলে রাজধানীর ৩০০ ফিটে সংবর্ধনাস্থল পরিদর্শন শেষে একথা বলেন তিনি।
জাতি শঙ্কার মধ্যে আছে মন্তব্য করে তারেক রহমানের ফেরাকে কেন্দ্র করে সরকারের তরফ থেকে অসহযোগিতা নেই বলে জানান মির্জা আব্বাস। তিনি বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। তারেক রহমানের আগমন এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। লাখো মানুষের আগমনের কোনো আনুষ্ঠানিক পরিকল্পনা না থাকলেও তারেক রহমান দেশে ফিরলে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি থাকা স্বাভাবিক।
এর আগে, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম জানান, তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে ইতিহাসের সবচেয়ে বড় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে কোটি মানুষ তারেক রহমানকে স্বচক্ষে দেখার অপেক্ষায় রয়েছেন।
সমাবেশ ঘিরে মঞ্চ প্রস্তুতের পাশাপাশি নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। পুরো এলাকাজুড়ে মোড়ে মোড়ে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি।
বিডি-প্রতিদিন