বিপিএলে ঝলক দেখিয়ে বিশ্বকাপ প্রশ্নে শান্তর সাফ জবাব
অনলাইন ডেস্ক
সবশেষ কয়েক মাস ধরে টি টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলের বাইরে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। তবে চলমান বিপিএলে ব্যাট হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন তিনি। প্রথম ম্যাচে সেঞ্চুরির পর শনিবার দ্বিতীয় ম্যাচেও করেন ৩৭ রান। ধারাবাহিক পারফরম্যান্সে আলোচনায় ফিরলেও টি টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে এখনই ভাবতে চান না এই বাঁহাতি ব্যাটার।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিশ্বকাপ দলে নিজের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে শান্ত বলেন, সিলেকশন কিংবা ওয়ার্ল্ড কাপে যাব কি যাব না এসব নিয়ে আমি একদমই ভাবছি না। এটা আমার কাজ না। আমি শুধু চেষ্টা করছি কীভাবে নিয়মিতভাবে রান করতে পারি এবং দলের জন্য অবদান রাখতে পারি।
সর্বশেষ বিপিএলে শান্ত খেলতে পেরেছিলেন মাত্র পাঁচটি ম্যাচ। ফরচুন বরিশালের হয়ে আসরের শুরুতে কয়েকটি ম্যাচে সুযোগ পেলেও শেষের দিকে একাদশে জায়গা হয়নি তার। সেই পাঁচ ইনিংসে তার ব্যাট থেকে এসেছিল মাত্র ৫৬ রান। তবে এবার নিজের ভুলগুলো শুধরে ফিরে আসার চেষ্টায় আছেন তিনি।
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শান্ত বলেন, যেটা আমার কপালে আছে সেটা তো থাকবেই। আমার কাজ হলো পারফর্ম করা এবং রান করা। সেটাই আমি করার চেষ্টা করব। ভবিষ্যতে সুযোগ এলে ভালো, আলহামদুলিল্লাহ। যদি না আসে, আবার চেষ্টা করব কীভাবে কামব্যাক করা যায়।
বিডি প্রতিদিন