ফের মার্কিন নিষেধাজ্ঞা
নিউজ ডেস্ক
ইরান ও ভেনেজুয়েলার মধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র–সংক্রান্ত বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এই নিষেধাজ্ঞা আরোপ করা হয় বলে জানিয়েছে ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইরানের ড্রোন বাণিজ্য ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে সহায়তা করার অভিযোগে ইরান ও ভেনেজুয়েলার মোট ১০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় যাদের রাখা হয়েছে, তাদের মধ্যে রয়েছে- ইরানের তৈরি ড্রোন কেনার অভিযোগে জড়িত একটি ভেনেজুয়েলান কোম্পানি ও এর চেয়ারম্যান, এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত রাসায়নিক সংগ্রহের সঙ্গে যুক্ত তিনজন ইরানি নাগরিক।
এছাড়া যুক্তরাষ্ট্রের আগেই নিষিদ্ধ ঘোষিত ‘রায়ান ফ্যান গ্রুপ’-এর সঙ্গে সংশ্লিষ্ট ইরানভিত্তিক কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানও তালিকাভুক্ত হয়েছে।
অর্থ মন্ত্রণালয় জানায়, এই নিষেধাজ্ঞার মূল লক্ষ্য হলো ইরানের পারমাণবিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা এবং তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানো।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইরান ভেনেজুয়েলাকে প্রচলিত অস্ত্র সরবরাহ করছে, যা পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য হুমকি হিসেবে বিবেচিত। এই ধরনের অস্ত্র বাণিজ্য বন্ধ করতে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে বলেও সতর্ক করা হয়।
উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ’ নীতি পুনরায় চালু করেন। এর পর থেকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি সামরিক পদক্ষেপও নিয়েছে। গত গ্রীষ্মে ইসরাইল–ইরান উত্তেজনার সময় যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।