• সিলেট, রাত ৯:০১, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সাত শহরে হচ্ছে বিসিবির একাডেমি

admin
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৬
সাত শহরে হচ্ছে বিসিবির একাডেমি

Manual5 Ad Code

সংবাদ সম্মেলনে কথা বলছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। সংগৃহীত ছবি

 

Manual3 Ad Code

পাইপলাইন শক্তিশালী করতে সাত শহরে হচ্ছে বিসিবির একাডেমি

স্পোর্টস ডেস্ক

 

দেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রিকেটার তুলে আনতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিকভাবে দেশের ছয় থেকে সাতটি শহরে ক্রিকেট একাডেমি চালু করতে যাচ্ছে বোর্ড। এসব একাডেমিতে বাছাই করা ৫০ থেকে ৬০ জন তরুণ ক্রিকেটারকে সম্পূর্ণ বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী কয়েক মাসের মধ্যেই একাডেমিগুলোর কার্যক্রম শুরু করার আশাবাদ ব্যক্ত করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

Manual4 Ad Code

রবিবার (২২ নভেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে নতুন এই পরিকল্পনার কথা জানান বিসিবি সভাপতি। তিনি জানান, বিসিবির উদ্যোগে একাডেমি চালু হলেও তা স্থানীয় ক্রিকেট একাডেমিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নামবে না। বরং স্থানীয় একাডেমিগুলোর কার্যক্রমকে আরও শক্তিশালী করতে পরিপূরক হিসেবে কাজ করবে।

তামিম বলেন, ‘বিসিবি একসঙ্গে ছয় থেকে সাতটি শহরে একাডেমি চালু করতে যাচ্ছে। তবে আমরা স্থানীয় একাডেমিগুলোকে কোনোভাবেই চ্যালেঞ্জ করতে চাই না। স্থানীয় একাডেমিগুলো থাকা খুবই জরুরি। কারণ, তারাই খেলোয়াড় তৈরি করে।’

একাডেমি পরিচালনার জন্য বড় ধরনের বিনিয়োগের প্রয়োজন হবে না বলেও মনে করেন বিসিবি সভাপতি। তার মতে, দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় আগে থেকেই মাঠ, উইকেট, ইনডোর সুবিধা এবং কোচ রয়েছেন। ফলে নতুন করে অবকাঠামো তৈরির পরিবর্তে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করেই কার্যক্রম শুরু করা সম্ভব।

Manual6 Ad Code

এ প্রসঙ্গে তামিম বলেন, ‘সিলেটে যদি একটা একাডেমি হয়, সেখানে মাঠ আছে, উইকেট আছে, ইনডোরও আছে। আমার কী লাগবে একাডেমি শুরু করতে? বল আর কাপড়। আমার সব সুযোগ-সুবিধা আছে। একইভাবে চট্টগ্রাম, খুলনা, বগুড়া ও বরিশালেও। কোচও আছে। জেলা ও বিভাগীয় কোচদের আমরা বেতন দিই। তারা তিন-চার মাস কাজ করার পর অনেক সময় আর কাজ থাকে না। এই একাডেমিগুলো চালু হলে তারাও কাজ করার সুযোগ পাবেন।’

নতুন এই উদ্যোগের মাধ্যমে বয়সভিত্তিক ক্রিকেটের প্রস্তুতি প্রক্রিয়াতেও পরিবর্তন আনতে চায় বিসিবি। বর্তমানে অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ পর্যায়ে বয়স যাচাইয়ের পরপরই প্রতিযোগিতা শুরু হয়ে যায়। ফলে অনেক ক্রিকেটার পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ পান না। একাডেমির মাধ্যমে বাছাই প্রক্রিয়া কয়েক মাস এগিয়ে এনে খেলোয়াড়দের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের সুযোগ দিতে চান তামিম।

তিনি বলেন, ‘এখন আমাদের প্রক্রিয়াটা কী? এক সপ্তাহ আগে তাদের বয়স পরীক্ষা করা হয়, এরপর এক সপ্তাহের মধ্যে খেলা শুরু হয়ে যায়। আমি যদি এই প্রক্রিয়াটা চার মাস আগে শুরু করি, তাহলে চার মাস আগে তাদের বয়স যাচাই হবে। এরপর চার মাস তারা বিসিবি একাডেমিতে প্রশিক্ষণ নেবে। তারপর খেলতে যাবে। এতে তারা অনেক বেশি প্রস্তুত থাকবে।’

Manual3 Ad Code

একাডেমিগুলোতে নির্বাচিত ক্রিকেটারদের কাছ থেকে কোনো ধরনের প্রশিক্ষণ ফি নেওয়া হবে না। খেলোয়াড়দের প্রশিক্ষণ ও আনুষঙ্গিক সব ব্যয় বহন করবে বিসিবি। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়টি বিবেচনায় রেখে সপ্তাহে তিন দিন একাডেমির কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করা হয়েছে।

এ বিষয়ে তামিম বলেন,‘আমরা চেষ্টা করব বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার একাডেমিগুলো পরিচালনা করতে, যাতে তাদের পড়াশোনায় কোনো সমস্যা না হয়। যাদের আমরা নির্বাচন করব, ৫০ জন হোক বা ৬০ জন- তাদের প্রশিক্ষণ সম্পূর্ণ বিনা খরচে হবে। বিসিবি সবকিছুর দায়িত্ব নেবে।’

প্রাথমিকভাবে যেসব শহরে প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধা রয়েছে, সেখানেই একাডেমি চালু করা হবে। তবে দীর্ঘমেয়াদে দেশের ৬৪ জেলায় বিসিবির একাডেমি প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন বোর্ড সভাপতি। এজন্য পর্যায়ক্রমে নতুন নতুন জেলা ও বিভাগকে এই কার্যক্রমের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। যেসব এলাকায় নিজস্ব উদ্যোগে ইনডোর সুবিধা গড়ে তোলা সম্ভব হবে, সেসব জায়গায় একাডেমি চালুর বিষয়টি বিবেচনা করবে বিসিবি।

তামিম বলেন,‘আমি চাই একসময় ৬৪টি বিসিবি একাডেমি হোক। তবে এর জন্য ন্যূনতম সুযোগ-সুবিধা থাকতে হবে। শুরুতে ছয়-সাতটি শহর নিয়ে এগোব। এরপর প্রতি বছর বা দুই বছর পরপর পর্যালোচনা করে এক বা দুটি করে একাডেমি বাড়ানোর চেষ্টা করব। কোনো শহর বা বিভাগ যদি নিজেদের উদ্যোগে একটি ইনডোর তৈরি করতে পারে, তাহলে সেখানে নতুন একাডেমি চালুর বিষয়টি আমরা বিবেচনা করব।’

বিসিবি সভাপতি জানান, পরিকল্পনাটি নিয়ে পরিচালকদের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে এবং সবার কাছ থেকেই ইতিবাচক সাড়া পাওয়া গেছে। আগামী ২৮ নভেম্বর বোর্ড সভায় একাডেমি প্রতিষ্ঠার প্রস্তাবটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। বোর্ডের অনুমোদন পেলে আগামী কয়েক মাসের মধ্যেই নির্ধারিত শহরগুলোতে কার্যক্রম শুরু হতে পারে।

তামিমের মতে, শুধু জাতীয় দলের তাৎক্ষণিক সাফল্যের দিকে মনোযোগ না দিয়ে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে বিনিয়োগ বাড়ানো জরুরি। প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করে তাদের যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করাই হওয়া উচিত দীর্ঘমেয়াদি পরিকল্পনার মূল লক্ষ্য।

তিনি বলেন, ‘জাতীয় দলের সাফল্য অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। তবে আমার সবচেয়ে বড় অগ্রাধিকার হলো নিচ থেকে কাজ করে আসা। সুযোগ-সুবিধা তৈরি করা, এমন একটা ব্যবস্থা গড়ে তোলা, যেখানে ছেলেরা তৈরি হবে এবং বাংলাদেশের ক্রিকেট আরও ভালো হবে। শুধু জাতীয় দলকেন্দ্রিক হয়ে থাকলে গত ১০-১৫ বছরে যে কাজগুলো করা দরকার ছিল, সেগুলো আর করা হতো না।’

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com