সিলেটে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক
যথাযথ মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে সিলেটে উদযাপিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে সিলেট সেনানীবাসে দিবসটি পালিত হয়। অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধাসহ অতিথিদের অভ্যর্থনা জানান ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. আফতাব হোসেন, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি পিএসসি, এমফিল, পিএইচডি।
জিওসি মেজর জেনারেল মো. আফতাব হোসেন স্বাগত বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে সিলেট অঞ্চলের মানুষের অসীম সাহসিকতা, সহযোগিতা ও বীরত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। তিনি সিলেট অঞ্চলের সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। বক্তৃতায় তিনি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভ‚মিকা তুলে ধরেন।
তিনি দুর্যোগ মোকাবেলা, পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং দেশগঠনমূলক কর্মকান্ডে সশস্ত্র বাহিনীর অবদান উল্লেখ করেন।
মেজর জেনারেল মো. আফতাব হোসেন তাঁর বক্তৃতায় সশস্ত্র বাহিনীর সদস্যদের জাতিসংঘ শান্তরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার বিষয়েও আলোকপাত করেন।
অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ জি কে গউছ এবং সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য এবং বরি মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার এবং সশস্ত্র বাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন
সিলেটভিউ২৪ডটকম