যারা বাংলাদেশ চায়নি, তারাই মসনদে বসতে চায়: টুকু
অনলাইন ডেস্ক
সিরাজগঞ্জ-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জামায়াত ১৯৭১ সালে বাংলাদেশের বিরোধিতা করেছে। পাকিস্তানি বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে তারা লক্ষ লক্ষ মানুষকে শহীদ করেছে, লক্ষাধিক মা-বোনকে পাকিস্তানীদের হাতে তুলে দিয়ে ধর্ষণ করিয়েছে। তারা কখনো বাংলাদেশ নামে রাষ্ট্র চায়নি। আজ সেই জামায়াত বাংলাদেশের মসনদে বসতে চায়। বাংলাদেশে নারী-পুরুষ, তরুণ-যুবক, বৃদ্ধ-বৃদ্ধা কেউ তা মেনে নেবে না।
সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে গণসংযোগ ও নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ফ্যাসিস্ট আমলে হাজার হাজার নেতাকর্মী গুম ও হত্যার শিকার হয়েছে এবং নির্যাতনের সম্মুখীন হয়েছে। আমাকেও জেলে রাখা হয়েছিল। বিদেশে আড়াই বছর একা একা বহু কষ্টে দিন যাপন করেছি। ভেবেছিলাম আমার বন্ধু সাদেক হোসেন খোকার মতো আমারও লাশ দেশে আসবে। কিন্তু আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন আপনাদের সেবা করার জন্য।
টুকু বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এলে সিরাজগঞ্জে তাঁত শিল্প, বেকার যুবকদের প্রশিক্ষণ ও বেকার ভাতা, নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। গ্রামাঞ্চলের প্রতিটি রাস্তাঘাট, হাসপাতাল, মসজিদ ও মন্দিরের উন্নয়ন করা হবে। জিয়াউর রহমান ও মরহুমা খালেদা জিয়ার মতো তারেক রহমান দেশকে উন্নয়নের শিখরে পৌঁছে দেবেন।
জীবনের শেষ নির্বাচন উল্লেখ করে টুকু বলেন, আমার কোনো চাওয়া-পাওয়া নেই। আমার পরিবার যেমন আপনাদের সেবা করেছে, আমিও তেমনি আপনাদের সেবা করব।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জামায়াত তালিমের নামে মা-বোনদের ভুল বুঝিয়ে বিপথে পরিচালিত করছে। এজন্য সকলকে সতর্ক থাকতে হবে। জান্নাতের মালিক আল্লাহ কিন্তু তারা ধর্মের দোহাই দিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে এবং নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছে। তাই ধর্ম ব্যবসায়ীদের প্রত্যাখ্যান করে আগামীতে ধানের শীষকে বিজয়ী করতে হবে।
গণসংযোগকালে ইউনিয়ন বিএনপি নেতা নুরে আলম, আনিসুর রহমান আনিস, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েসসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন