তারাপুর চা-বাগানের দেবোত্তর সম্পত্তির অ বৈ ধ স্থাপনা উ চ্ছে দ
নিজস্ব প্রতিবেদক
সিলেট মহানগরীর তারাপুর চা-বাগানে দেবোত্তর সম্পত্তিতে প্রভাবশালী একটি মহল চক্র টিলা কেটে সেখানে অবৈধ স্থাপনা নির্মাণের চেষ্টার অভিযোগ পাওয়া যায়। খবর পেয়ে ওই অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয় বাগান কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তারাপুর চা-বাগানের ম্যানেজার ও চীফ কো-অর্ডিনেটর রিংকু চক্রবর্তী ঘটনাস্থলে পৌঁছান। পরে জেলা প্রশাসনকে খবর দিলে সিলেট জেলা প্রশাসন, পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতায় অভিযান পরিচালনা করে নির্মাণের মালামাল জব্দ করেন। এ সময় অভিযানের খবর পেয়ে দখলকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।পরে সিলেট বিভাগের পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাও ঘটনাটি সরেজমিনে পরিদর্শনের উদ্যোগ নেন।
জানা যায়, তারাপুর চা-বাগানের এই দেবোত্তর সম্পত্তি দীর্ঘদিন ধরেই দখল ও জাল কাগজপত্রের মাধ্যমে বিক্রির অভিযোগে আলোচিত। প্রভাবশালীদের দখলে থাকা এসব জমি উদ্ধারে এবার সক্রিয় হয়েছে কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় নগরীর ৭ নম্বর ওয়ার্ড, এয়ারপোর্ট থানা এলাকার বন কলাপাড়ায় দখলকৃত ভূমি উদ্ধার করা হয়েছে।
তারাপুর চা-বাগানের ম্যানেজার ও চীফ কো-অর্ডিনেটর রিংকু চক্রবর্তী জানান, ঘটনাস্থলে কাউকে পাওয়া না গেলেও স্থাপনা নির্মাণে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। আপাতত দখল প্রচেষ্টা থামানো সম্ভব হয়েছে।
সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বলেন, তারাপুর চা-বাগানের দেবোত্তর সম্পত্তি দখল করা হচ্ছে এমন সংবাদে পুলিশের অভিযান পরিচালনা করা হয়। এই সময় বিভিন্ন মালামাল জব্দ করা হয় এবং সেগুলো বাগান কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয়। আমাদের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।