বিশ্বনাথে সংরক্ষিত নারী আসনের স্থানীয় এমপি মাহফুজা হান্নান সংবর্ধিত
নিজস্ব প্রতিবেদক
সংরক্ষিত নারী আসন-৪১’র সংসদ সদস্য মাহফুজা হান্নান বলেছেন, ইসলামী আন্দোলন আমাদেরকে ‘কোরআন ও হাদিস’ শিখিয়েছে। ওই শিখার মধ্যেই সীমাবদ্ধ না থেকে এখন সময় এসেছে আমাদেরকে ‘কোরআন ও হাদিস’র শিক্ষাকে কাজে লাগিয়ে চলার পথে সকল স্তরে কাজে লাগিয়ে নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারি, আমাদের সবাইকে সেভাবেই কাজ করতে হবে। আর আমার উপর অর্পিত দায়িত্বটুকু যাতে সততা ও নিষ্ঠার সাথে পালন করে যেতে পারি মহান আল্লাহর কাছে সেই দোয়া করবেন আপনারা। এজন্য অবশ্যই আপনাদের সকলের সার্বিক সহযোগীতারও প্রয়োজন রয়েছে আমার।
তিনি (১৩ মে) বুধবার দুপুরে সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘উপজেলা ও পৌর জামায়াতের মহিলা বিভাগ’র উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান ও সংবর্ধিত অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর জামায়াতের মহিলা বিভাগের দায়িত্বশীল খাদিজা আক্তার।
উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারী খাদিজা বেগম লাইলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট অঞ্চল মহিলা বিভাগের পরিচালক অধ্যাপক শাহিমা খানম হেপী, সিলেট জেলা জামায়াতের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারী রোজিনা বেগম, মাহবুবা জেসমিন।
এসময় অনুষ্ঠানে জামায়াতের মহিলা বিভাগের দায়িত্বশীল হাছনা বেগম, বিলকিস বেগম, রেহেনা বেগম, রেহেনা সুলতানা, ইসলামী ছাত্রী সংস্থার সভাপতি ইভা বেগম, সদস্য তাহমিনা বেগম’সহ উপজেলা ও পৌর জামায়াতের মহিলা বিভাগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।