সিলেটে নৌকা থামিয়ে যা পেল পুলিশ
নিউজ ডেস্ক
সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে ৩১ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করেছে। শনিবার (২৯ আগস্ট) ভোরে এই অভিযানে কাউকে আটক করতে পারে নি পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নদীপথে অভিযান পরিচালনা করা হয়। উপজেলার সদর ইউনিয়নের গোয়াইন নদীর ব্রিজ এলাকায় গোয়াইনঘাট থেকে অবৈধ মালামাল নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হওয়া একটি বারকি নৌকা ধাওয়া করলে অজ্ঞাত ৪ জন ব্যক্তি নদী সাঁতরে পালিয়ে যায়।
পরবর্তীতে নৌকাটি তল্লাশি করে ৩১ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে সর্বমোট ৯৩০ কেজি জিরা পাওয়া যায়। উদ্ধারকৃত জিরার আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৩০ হাজার টাকা। এছাড়া চোরাচালানে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বারকি নৌকা জব্দ করা হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমন ফারুক মোড়ল জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা পলাতক ৪ জনের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। চোরাচালান ও অবৈধ পণ্য পরিবহনের বিরুদ্ধে সিলেট রেঞ্জ পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
সিলেটভিউ২৪ডটকম