শাবিপ্রবিতে অনার্সের ফলাফল ছাড়াই শেষ হচ্ছে মাস্টার্সের প্রথম সেমিস্টার
শাবি সংবাদদাতা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের অনার্সের চূড়ান্ত ফলাফল প্রকাশ না করেই শেষ হওয়ার পথে মাস্টার্সের প্রথম সেমিস্টারের একাডেমিক কার্যক্রম। এতে চরম বিপাকে পড়েছেন ওই বিভাগের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, মাস্টার্সের প্রথম সেমিস্টারের ক্লাস প্রায় শেষের দিকে চলে আসলেও কেউ এখনো অনার্সের চূড়ান্ত ফলাফল হাতে পাননি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ফল প্রকাশ না হওয়ায় শিক্ষার্থীদের শিক্ষাজীবনে স্থবিরতা নেমে এসেছে। বিশেষ করে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন যারা চাকরিপ্রত্যাশী এবং উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন। অনার্সের ফলাফল না থাকায় তারা চাকরি ও বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করতে পারছেন না। ফলে হাতছাড়া হয়ে যাচ্ছে ভালো চাকরি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ।
পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অন্য বেশ কয়েকটি বিভাগে একই সেশনের (২০২০-২১) শিক্ষার্থীদের ইতোমধ্যে মাস্টার্সের প্রথম সেমিস্টারের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। অথচ লোকপ্রশাসন বিভাগে যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত হলেও এখনো অনার্সের ফলাফল প্রকাশ হয়নি।
শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁরা দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রকাশের জন্য দাবি জানিয়ে আসলেও বিভাগীয় প্রশাসন শুধুই আশ্বাস দিয়ে কালক্ষেপণ করে যাচ্ছে।
এ বিষয়ে জানতে বিভাগের ২০২০-২১ সেশনের পরীক্ষা কমিটির চেয়ারম্যান অধ্যাপক আশরাফ সিদ্দিকীকে একাধিকবার কল দিলেও সাড়া পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে লোকপ্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ফাতেমা খাতুন জানান, “এ বছর বিভাগে নতুন করে ইন্টার্নশিপ কার্যক্রম চালু করা হয়েছে। শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে এই কার্যক্রমে অংশ নিয়েছেন এবং সেখানে তাদের পারদর্শিতার ভিত্তিতে নম্বর মূল্যায়ন করা হয়েছে। বাইরের প্রতিষ্ঠানে যুক্ত হয়ে কাজ করায় পুরো প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত ফলাফল তৈরি করতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে ইতোমধ্যে ফলাফল প্রস্তুত করে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে পাঠানো হয়েছে এবং খুব শিগগিরই তা প্রকাশ করা হবে।”
ফলাফল প্রকাশের সম্ভাব্য সময়কাল জানতে চাইলে পরীক্ষা নিয়ন্ত্রক মীর মো. মাহবুব হোসেন বলেন, “যেহেতু লোকপ্রশাসন বিভাগ ফলাফল পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে পাঠিয়ে দিয়েছে, তাই দপ্তর খুব দ্রুত সময়ের মধ্যে তা প্রকাশ করবে।”
প্রশাসনিক এই ধীরগতি ও দীর্ঘসূত্রতার কারণে শিক্ষার্থীদের মাঝে চরম হতাশা বিরাজ করছে। চাকরি ও বিদেশে উচ্চশিক্ষার সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কায় তারা দ্রুত অনার্সের ফলাফল প্রকাশ করে এই সংকট নিরসনের জোর দাবি জানিয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম