শিক্ষার মান যত উন্নত হবে দেশও তত এগিয়ে যাবে : খাদ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক
শিক্ষার মান যত উন্নত হবে, দেশও তত উন্নত হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
রবিবার দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস, হাতে তৈরি ব্যাগ ও জুতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, দেশের কোনো শিক্ষার্থী যেন অর্থের অভাবে শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেই বিষয়ে সরকার কাজ করছে। বিশেষ করে দারিদ্র্য ও অসচ্ছল পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি বলেন, দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহী করে তুলতে এবং তাদের শিক্ষাজীবন আরও সহজ ও সুন্দর করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে।
অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোকুল চন্দ্র নাথ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী নাসরিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোশাররফ হোসেনসহ স্থানীয় নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন