রাজধানীর একটি হোটেলে গতকাল গবেষণা প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভসের’ যুগপূর্তির অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. জুবাইদা রহমান -পিআইডি
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, এর ৮০ শতাংশই নারী : ডা. জুবাইদা রহমান
অনলাইন ডেস্ক
সুস্থ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, বৈজ্ঞানিক গবেষণা, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও ওষুধশিল্পের মধ্যে শক্তিশালী অংশীদারি গড়ে তুলতে হবে। গতকাল রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভসের’ এক যুগপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ডা. জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্য খাতে বছরের পর বছর অবহেলার কারণে কিছু রোগপ্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ সেভাবে উৎসাহিত করা হয়নি। ফলে বর্তমানে বাংলাদেশের ৯০ হাজারেরও বেশি গ্রামের লাখ লাখ নারী এমন সব রোগে ভুগছেন, যা সহজেই প্রতিরোধ করা সম্ভব। সরকারের এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব কর্মীর ৮০ শতাংশই নারী। তারা সারা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার, আর সম্মানিত অতিথি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বক্তব্য দেন। অনুষ্ঠানে আইডিইএসএইচআইয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান ডা. ফিরদৌসী কাদরী ‘বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠানের চ্যালেঞ্জ ও বাস্তবতা : আইডিইএসএইচআইয়ের প্রেক্ষাপট’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।
বিডি-প্রতিদিন