সিলেটে ‘সিরিয়াল’ বিরোধে প্রাণ গেল শাহাবউদ্দিনের
নিজস্ব প্রতিবেদক
সিলেটের কানাইঘাটে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টার দিকে কানাইঘাটের ২নং লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত শাহাবউদ্দিন (৩২)। তিনি ২নং লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামের মৃত মুদরিছ আলীর ছেলে। শাহাবউদ্দিন পেশায় সিএনজি অটোরিকশা চালক।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কানাইঘাটের সুরইঘাট এলাকার একটি ষ্টেশনে সিএনজিচালিত অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধ হয় দুই চালকের। এরই জেরে মঙ্গলবার সকালে ২নং লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সামতলা এলাকায় শাহাবউদ্দিন পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা জাকারিয়া, তার ভাই ইয়াহিয়া ও শাহরিয়াসহ কয়েকজন হামলা চালায়। এ সময় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জের ধরে একজনকে কোপানো হয়েছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এ ঘটনায় আইনি বিষয় প্রক্রিয়াধীন।
সিলেটভিউ২৪ডটকম