বিয়ানীবাজার প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
বিয়ানীবাজার প্রেসক্লাবের উদ্যোগে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার পৌরশহরের একটি অভিজাত রেস্তোরাঁয় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে বলেন, এই মাস আত্মসংযম, ধৈর্য ও মানবিকতার শিক্ষা দেয়। একই সঙ্গে সাংবাদিকদের দায়িত্বশীলতার সাথে মানুষের কল্যাণমুখী সংবাদ প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন তারা। বিয়ানীবাজার প্রেসক্লাবের সদস্য ও যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক মো. জাকির হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সজীব ভট্টাচার্যের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের আইন উপদেষ্টা ও সুজন বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মো. আমান উদ্দিন, সংগঠনের সাবেক সভাপতি কলামিস্ট আতাউর রহমান, সহ-সভাপতি ফয়জুল হক শিমুল, কোষাধ্যক্ষ মুকিত মোহাম্মদ প্রমুখ।