জৈন্তাপুরে বসতঘরে পৃথক অভিযান, যা পেল পুলিশ
জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চা পাতা, তারাবাতি ও আতশবাজি উদ্ধার করা হয়েছে। এ সময় একটি পুরোনো ভারতীয় অবৈধ পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। উদ্ধার করা পণ্য ও মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৮৯ হাজার ২০০ টাকা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জৈন্তাপুর মডেল থানা পুলিশের পৃথক অভিযানে এসব পণ্য উদ্ধার ও জব্দ করা হয়।
পুলিশ জানায়, জৈন্তাপুর উপজেলার ৫ নম্বর ফতেহপুর ইউনিয়নের মৃত খয়রুল উল্যাহের ছেলে নুরুল উল্যাহের (৩৫) বসতঘরে অভিযান চালায় পুলিশ। এ সময় ১ হাজার ১০০ কেজি ভারতীয় অবৈধ চা পাতা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা। এছাড়া একই অভিযানে ২ হাজার ১৫০ প্যাকেট ভারতীয় অবৈধ ‘Athithi 7cm Electric Sparklers’ নামের তারাবাতি উদ্ধার করা হয়। এসব তারাবাতির আনুমানিক মূল্য ৭ লাখ ২৯ হাজার টাকা। এসময় ৫৫২ বক্স ‘Happy Fire Works’ ব্র্যান্ডের তুফান চকলেট নামের আতশবাজি উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫৫ হাজার ২০০ টাকা। উদ্ধার করা চা পাতা, তারাবাতি ও আতশবাজির মোট আনুমানিক মূল্য ১১ লাখ ১৪ হাজার ২০০ টাকা বলে জানায় পুলিশ।।
অন্যদিকে, উপজেলার হেমু হাউদপাড়া এলাকা থেকে একটি পুরোনো ভারতীয় অবৈধ ১৫০ সিসি পালসার মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়। মোটরসাইকেলটির আনুমানিক বাজারমূল্য ৭৫ হাজার টাকা। সব মিলিয়ে পৃথক অভিযানে উদ্ধার ও জব্দ করা পণ্য এবং মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৮৯ হাজার ২০০ টাকা।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, অভিযানে উদ্ধার করা ভারতীয় অবৈধ পণ্য ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম