মন্ত্রী হয়ে সিলেট ফিরে যা বললেন আরিফুল হক চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
মন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর সিলেট ফিরেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টায় বিমানের একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
বিমানবন্দর থেকে বের হয়ে সার্কিক হাউজের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার আগে তিনি গণমাধ্যম কর্মরতদের সাথে কথা বলেন।
এসময় তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় করে তার নির্বাচিত এলাকা সিলেট-৪ ( জৈন্তাপুর-গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের) সর্বস্থরের জনসাধারণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি তাদের ধন্যবাদ জানিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন। বলেন, আমরা প্রবাসী অধ্যুষিত এলাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঘুরে দেখলাম। সেখানে যেসব সুযোগ সুবিধা আছে, আমার ওসমানীতেতো তা নেই। সেটা এখানে সংযোজন করতে কাজ করবো।
তিনি বলেন, সবকিছুই হবে আপনাদের নিয়ে আপনাপদের সামনে। আমার সরকারের ১৮০ দিনের একটা পরিকল্পনা আছে। সে অনুযায়ী আমরা কাজ করবো। খুব তাড়াতাড়ি সিলেটের উন্নয়ন নিয়ে আমরা সবার সঙ্গে বসে আলাপ আলোচনা শুরু করবো।