• সিলেট, রাত ১০:১০, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নববর্ষে মুমিনের আনন্দ, প্রত্যয় ও পরিকল্পনা

admin
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২৬
নববর্ষে মুমিনের আনন্দ, প্রত্যয় ও পরিকল্পনা

Manual7 Ad Code

নববর্ষে মুমিনের আনন্দ, প্রত্যয় ও পরিকল্পনা

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

 

ইসলাম তার পরিচয়, বিধান ও বৈশিষ্ট্যে স্বতন্ত্র একটি দ্বিন ও ধর্ম। ইসলামের শিক্ষা হলো মুসলমানরা তাদের প্রাত্যহিক জীবনে স্বকীয়তা রক্ষা করবে, সে তার জীবনের কোনো পর্যায়ে নিজের মুসলিম পরিচয়কে ভুলে যাবে না, সে অন্য ধর্ম ও সম্প্রদায়ের অন্ধ অনুকরণ করবে না। এই নির্দেশনা মুসলমানের ব্যক্তিজীবনে সীমাবদ্ধ নয়, বরং মুসলমানের সামাজিক ও জাতীয় জীবনেও তা প্রযোজ্য। নববর্ষ উদযাপনের ক্ষেত্রে ইসলাম মানুষকে বাস্তবমুখী হওয়ার নির্দেশনা দেয়।

ইসলাম বলে, একজন মুমিনের জীবনে নববর্ষ নিছক আনন্দের বিষয় নয়, বরং নিজের তা প্রাপ্তি ও অপ্রাপ্তির হিসাব করা এবং আগামী দিনে ভালো কাজ করার প্রত্যয় গ্রহণের সময়।

নববর্ষে সর্বাঙ্গীণ কল্যাণের প্রত্যাশা

Manual1 Ad Code

ইসলাম নববর্ষে বিশেষ উৎসব আয়োজনের প্রবর্তক নয়। ইসলাম মানুষের সর্বোচ্চ কল্যাণকে প্রাধান্য দেয়। আর ইসলামের দৃষ্টিতে নববর্ষের সঙ্গে মানুষের কল্যাণ ও অকল্যাণের বিশেষ কোনো সম্পর্ক নেই, বরং এই উদযাপন কোনো কোনো ক্ষেত্রে মানুষের দৃষ্টি ও মনোযোগ তার মহান স্রষ্টা থেকে ফিরিয়ে নেয়।

তবে মুমিন এই দিনে আল্লাহর কাছে সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করতে পারে। যেভাবে মহানবী (সা.) প্রত্যেক নতুন মাসের শুরুতে আল্লাহর কাছে কল্যাণ কামনা করতেন। হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) নতুন চাঁদ দেখে পাঠ করতেন-‘হে আল্লাহ, আপনি আমাদের ওপর চাঁদকে উদিত করুন শান্তি ও ঈমানের সঙ্গে, নিরাপত্তা ও ইসলামের সঙ্গে এবং আমাদের সেসব কাজের ক্ষমতা দানের সঙ্গে, যা আপনি ভালোবাসেন এবং যাতে আপনি খুশি হন।’ (জামে তিরমিজি, হাদিস : ৩৪৫১)

নববর্ষে মুমিনের করণীয়

উৎসব ও আনুষ্ঠানিকতায় আবদ্ধ না থেকে মুমিন ভালো কাজের সুযোগ হিসেবে নববর্ষে কয়েকটি কাজ করতে পারে। তা হলো-

১. প্রাপ্তির জন্য আল্লাহর কৃতজ্ঞতা : মুমিন যখন সুস্থ স্বাভাবিকভাবে একটি বছর পূর্ণ করবে, সে বছরজুড়ে ভালো কাজ করবে এবং আল্লাহর নিয়ামত লাভে সক্ষম হবে, তখন সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে। আল্লাহ তাআলা বলেন, ‘যদি তোমরা কৃতজ্ঞতা আদায় করো তবে আমি অবশ্যই (আমার নিয়ামত) বাড়িয়ে দেব। আর (আমার দান) অস্বীকার করলে নিশ্চয়ই আমার শাস্তি অতি কঠোর।’ (সুরা : ইবরাহিম, আয়াত : ৭)

২. দুঃখ ও বেদনার জন্য ধৈর্য ধারণ : মুমিনের যদি একটি বছরও এমন যায় যে সে সারা বছর নানা ধরনের বিপদ-আপদে জর্জরিত ছিল, তবু সে আল্লাহর অকৃতজ্ঞ হবে না, বরং একে ভাগ্যের অবিচ্ছেদ্য অংশ মনে করে ধৈর্য ধারণ করবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জান-মাল ও ফল-ফলাদির স্বল্পতার মাধ্যমে।

আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। যারা তাদের যখন বিপদ আক্রান্ত করে তখন বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তাঁর দিকে প্রত্যাবর্তনকারী। তাদের ওপরই আছে তাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও রহমত এবং তারাই হেদায়েতপ্রাপ্ত।’
(সুরা : বাকারাহ, আয়াত : ১৫৫-১৫৭)

৩. অতীতের ভালো-মন্দ যাচাই করা : মুমিন বিগত বছরে কোন কাজটি ভালো হলো এবং কোন কাজটি মন্দ হলো তা যাচাই করে দেখবে। যদি সে কোনো ভালো কাজ করতে সক্ষম হয়, তবে সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে এবং মন্দ কাজ করলে আল্লাহর কাছে তাওবা করবে। আত্মজিজ্ঞাসা বা ভালো-মন্দের যাচাই মুমিনকে ভবিষ্যতের বিপদ থেকে রক্ষা করে। উমর ইবনুল খাত্তাব (রা.) বলেছেন, ‘তোমাদের কাছ থেকে হিসাব নেওয়ার আগে তোমরা নিজেদের হিসাব গ্রহণ কোরো। তোমাদের আমলনামা পরিমাপ করার আগে তোমরা তা পরিমাপ কোরো। কেননা আজ তোমার নিজের হিসাব গ্রহণ আগামীকাল তোমার থেকে হিসাব গ্রহণের তুলনায় সহজ।’ (মুসনাদে আহমদ, হাদিস : ৬৩৩)

Manual1 Ad Code

৪. ভালো কাজের প্রত্যয় গ্রহণ : মুমিন সময়ের প্রতিটি সূচনায় নেক আমল বা ভালো কাজের প্রত্যয় গ্রহণ করে, এটাই ইসলামের শিক্ষা। আল্লাহ তাআলা বলেন, ‘আমি তোমাদের যে জীবিকা দিয়েছি তোমরা তা থেকে ব্যয় করবে তোমাদের কারো মৃত্যু আসার আগে; অন্যথায় মৃত্যু এলে সে বলবে, হে আমার প্রতিপালক! আমাকে আরো কিছু কালের জন্য অবকাশ দিলে আমি সদকা করতাম এবং সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত হতাম।’ (সুরা : মুনাফিকুন, আয়াত : ১০)

৫. উত্তম পরিকল্পনা গ্রহণ : হাদিসের ভাষ্য অনুসারে মুমিনের চেষ্টা থাকবে যেন তার গতকালের তুলনায় আজকের দিনটি উত্তম হয়। আর উত্তম দিন মানুষের উত্তম পরিকল্পনা ও আন্তরিক চেষ্টা ছাড়া আসে না। তাই মুমিনের উচিত নববর্ষের সময় উত্তম পরিকল্পনা গ্রহণ করা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ ততক্ষণ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের অবস্থার পরিবর্তন ঘটায়।’ (সুরা : রাআদ, আয়াত : ১১)

মোটকথা, নববর্ষ উদযাপনে মুমিনের আনন্দের বহিঃপ্রকাশ ঘটবে আল্লাহর কৃতজ্ঞতার মাধ্যমে এবং তার আগামী দিনের পথচলা হবে ভালো কাজ ও উত্তম পরিকল্পনার মাধ্যমে। কেননা পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আর এই যে মানুষ তাই পায় যা সে করে, আর এই যে তার কর্ম অচিরেই দেখান হবে, অতঃপর তাকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে।’ (সুরা : নাজম, আয়াত : ৩৯-৪১)

আল্লাহ সবাইকে দ্বিনের সঠিক বুঝ দান করুন।

বিডি প্রতিদিন

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com