সিলেট সীমান্তে পাওয়া গেল কোটি টাকার পণ্য
নিজস্ব প্রতিবেদক
সিলেটের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৭৫ লাখ টাকার ভারতীয় অবৈধ চোরাইপণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। এসময় একজনকে আটক করা হয়েছে।
বুধবার (২৪ জুন) সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এই ভারতীয় অবৈধ চোরাইপণ্য জব্দ করা হয়েছে।
৪৮ বিজিবি জানায়, সিলেট সীমান্তবর্তী এলাকায় সোনালীচেলা, প্রতাপপুর, বাংলাবাজার, বিছনাকান্দি, দমদমিয়া, তামাবিল, সংগ্রাম, সোনারহাট এলকায় চোরাচালানী অভিযান পরিচালনা করে বিজিবি। এসময় ভারতীয় অবৈধ সানগ্লাস, বিড়ি, কম্বল, চিংড়ি রেণু, মোবাইল, সিম কার্ড, মদ এবং বাংলাদেশ থেকে পাচারকালে বাংলাদেশি শিং মাছ, অবৈধভাবে বালু-পাথর বহনকারী নৌকা, চোরাচালানের মালামাল বহনকারী অটোরিকশা, মোটরসাইকেল জব্দ করা হয়। এই সময় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনার সময় একজনকে আটক করেছে বিজিবি। আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ৭৫ লাখ ৩৯ হাজার টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় অবৈধ চোরাইপণ্য জব্দ করা হয় সেই সাথে একজনকে আটক করা হয়। এ ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিলেটভিউ২৪ডটকম