রাত ৮টার মধ্যে দোকান বন্ধ রাখতে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
নিজস্ব প্রতিবেদক
সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে সম্মত হয়েছেন সিলেটের ব্যবসায়ীরা। অন্যথায় আইনি জটিলতা তৈরি হলে তার দায়ভার নেবে না সিলেটের কোনো ব্যবসায়ী সংগঠন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনারের সাথে অনুষ্ঠিত এক যৌথ বৈঠকে এই সিদ্ধান্তের কথা স্পষ্ট জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।
নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও পুলিশের সাথে সমন্বয়ের লক্ষ্যে এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের সাথে সিলেট জেলা-মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ এবং সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পুলিশ কমিশনার বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার মধ্যে শপিংমল ও দোকানপাট বন্ধ নিশ্চিত করতে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।
বৈঠকে বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন প্রশাসনের প্রতি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
তিনি বলেন, বিদ্যুৎ সংকটের কারণে সরকারের এই সাময়িক সিদ্ধান্ত আমাদের সবাইকে মেনে চলতে হবে। আমরা লক্ষ্য করছি, কিছু ব্যবসায়ী এখনও রাত ৮টার পরও দোকান খোলা রাখছেন।
আগামী রোববার থেকে যদি কেউ নির্দেশ অমান্য করে প্রতিষ্ঠান খোলা রাখেন এবং আইনি সমস্যার মুখে পড়েন, তবে তার দায়ভার ব্যবসায়ী সমাজ বা কোনো সমিতি নেবে না। আইন অমান্যের দায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকেই বহন করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন, এসএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মল্লিক মুন্না, সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাভেল, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি মাওলানা খাইরুল হোসেন এবং কোষাধ্যক্ষ জহির হোসেন।
সিলেটভিউ২৪ডটকম