কমলগঞ্জে দুই রেস্টুরেন্টে অভিযান, বড় অঙ্কের জরিমানা
কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও ভোক্তা অধিকার সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১টার দিএক এই অভিযান চালানো হয়। এ সময় দুইটি রেস্টুরেন্টকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোকশেদ উল্লাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে শমসেরনগর এলাকার আলীবাবা রেস্টুরেন্টে প্রয়োজনীয় রেস্তোরাঁ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, বিএসটিআই লাইসেন্স ব্যতীত দইসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন, খাদ্যে বিভিন্ন রং ব্যবহার ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় লেবেল না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও পরিবেশনের মতো বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।
এছাড়া রেস্টুরেন্টটিতে মাছির উপদ্রব, খোলা খাবারে মাছি বসা, বাসি ভাত ও তরকারি সংরক্ষণ, কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার একই ফ্রিজে রাখা, বিষ্ঠাসহ ডিম সিদ্ধ করা এবং ঢাকনাবিহীন পাত্রে খাবার সংরক্ষণের মতো গুরুতর অনিয়মও পরিলক্ষিত হয়। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অপরদিকে, একই অভিযানে সিমা আইসক্রিম ফ্যাক্টরিতে বিএসটিআই লাইসেন্স ছাড়া আইসক্রিম উৎপাদন, কাপড়ে ব্যবহৃত রং ও বিভিন্ন প্রিজারভেটিভ ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, উৎপাদনস্থলে টয়লেটে ব্যবহৃত বদনা পাওয়া, প্রয়োজনীয় লেবেল না থাকা এবং প্যাকেটে উল্লেখিত উপাদানের যথাযথ তথ্য ও প্রমাণ প্রদর্শনে ব্যর্থতার বিষয়টি ধরা পড়ে। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭, ৫২ ও ৫৩ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানকালে নিরাপদ খাদ্য অফিসারসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণে আইন লঙ্ঘনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সিলেটভিউ২৪ডটকম