প্রণবকান্তি দেবের ‘জানা পথে অজানা প্রান্তরে’ গ্রন্থের ‘পাঠের শেষে’ অনুষ্ঠান সম্পন্ন
অনলাইন ডেস্ক
প্রণবকান্তি দেব রচিত ‘জানা পথে অজানা প্রান্তরে’ গ্রন্থটিকে ভ্রমণের ভাঁজে শিক্ষা, গবেষণা ও জীবনের গল্প আখ্যা দিয়ে অনুষ্ঠিত হলো ‘পাঠের শেষে’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান।
শনিবার বিকেলে সিলেটের বাতিঘরে পাঠ-পরবর্তী এ আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর মো. আশরাফুল আলম বলেন, ‘জানা পথে অজানা প্রান্তরে’ প্রচলিত অর্থে শুধু একটি ভ্রমণকাহিনী নয়; এটি একজন শিক্ষক ও গবেষকের একাডেমিক পথচলার অভিজ্ঞতার দলিল। দেশ-বিদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সম্মেলন ও মানুষের সঙ্গে লেখকের যোগাযোগের অভিজ্ঞতা বইটিকে একটি ভিন্ন মাত্রা দিয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও গবেষণায় আগ্রহী করে তোলার ক্ষেত্রে বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানের আরেক সম্মানিত অতিথি মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ জহিরুল হক বলেন, বইটির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো লেখকের অভিজ্ঞতার নির্মোহ বয়ান। এখানে ভ্রমণের আনন্দের পাশাপাশি রয়েছে শেখার অভিজ্ঞতা, নানা সীমাবদ্ধতা, উপলব্ধি ও আত্মঅনুসন্ধান। ফলে এটি শুধু কোথাও বেড়ানোর গল্প নয়; বরং একজন শিক্ষকের দেখার, চিন্তার এবং শেখার গল্প।
অনুষ্ঠানের মুখ্য আলোচক বিশিষ্ট কবি ও গবেষক ডক্টর মোস্তাক আহমাদ দীন বলেন, ‘জানা পথে অজানা প্রান্তরে’ বইটিতে একাডেমিক ভ্রমণ, গবেষণা ও জ্ঞান অনুসন্ধান একসঙ্গে এসেছে। নতুন জায়গা ও নতুন মানুষের সঙ্গে পরিচয়ের মধ্য দিয়ে যে নতুন চিন্তার জন্ম হয়, লেখক তা সহজ ভাষায় তুলে ধরেছেন। বিশেষ করে তরুণ শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বইটি নতুন কিছু জানার এবং গবেষণায় যুক্ত হওয়ার অনুপ্রেরণা জোগাবে।
উদযাপন পর্ষদের আহবায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব মু. আনোয়ার হোসেন রনির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লেখক,গবেষক পার্থ তালুকদার। সমাপনী বক্তব্য রাখেন বিশিষ্ট লোক সংস্কৃতি গবেষক সুমনকুমার দাশ। লেখক প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রণবকান্তি দেব। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন অভ্র প্রকাশনের স্বত্তাধিকারী অপূর্ব শর্মা।
বাংলাদেশ বেতার সিলেটের ঘোষক এবং সংবাদ পাঠক রোহেনা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয় হৃদ্যিক দেব পুণ্যের ‘আগুনের পরশমনি ছোয়াঁও প্রাণে’ গান পরিবেশনের মাধ্যমে। সিলেটের শিল্প,সাহিত্য, সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনের উপস্থিতিতে ‘পাঠের শেষে’ অনুষ্ঠানটি পরিণত হয় এক আলোকিত মিলনমেলায়।
অনুষ্ঠানে আলোচনা শেষে সংগীত পরিবেশন করেন শিল্পী লিংকন দাশ এবং আশরাফুল ইসলাম অনি।