কমলগঞ্জে সড়কের পাশ থেকে ১৪টি গাছ চু*রি
কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর সড়কের পাশ থেকে ইউক্যালিপটার্স ও জামসহ বিভিন্ন প্রজাতির বৃহদাকার ১৪টি গাছ কেটে নিয়ে গেছে চুর চক্র। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে সড়কের ঘোরামারা এলাকায় এ ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, আদমপুর সড়কের ঘোরামারা এলাকায় দশ, বারো বছর বয়সের ১৪টি গাছ কেটে নেয়া হয়েছে। মূল্যবান গাছগুলো কেটে নেওয়ার পর সাক্ষী হিসাবে গাছের গোড়া পরিত্যক্ত রয়েছে। আদমপুর সড়কে গাছগুলো ইলেকট্রিক করাত দিয়ে দ্রততার কেটে গাড়িযোগে স্থানান্তর করা হয়েছে বলে স্থানীয়দের ধারণা।
গাছগুলোর বাজার মূল্য আড়াই থেকে তিন লক্ষাধিক টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম জানান, এই সড়কের অদূরেই রাজকান্দি বনরেঞ্জ এর কার্যালয় এবং রাস্তায় চেকপোস্ট। তাছাড়া পুলিশি টহল থাকার পরও ১৪টি বড় আকৃতির গাছ কেটে নিয়ে যেতে কমপক্ষে তিন থেকে চার ঘন্টা সময় লেগেছে। সবগুলো গাছ একসাথে কেটে সাবাড় করে দিলেও প্রশাসনের কোন তৎপরতা দেখা যায়নি। এভাবে চলতে থাকলে সংরক্ষিত বন ও সামাজিক বনের গাছগাছালি নিরাপদ নয়।
আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, একসাথে এতোগুলো গাছ চুরি করে নিয়ে যাওয়া একটি বড় সিন্ডিকেট চক্রের কাজ। খবর পাওয়ার সাথে বনবিভাগ, থানা পুলিশ ও ইউএনও সাহেবকে বিষয়টি অবগত করেছি। তদন্ত পূর্বক গাছ চোরদের খোঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্ধীপ তালুকদার বলেন, গাছ চুরির বিষয়টি অবগত হয়েছি এবং এলজিইডি উপজেলা প্রকৌশলীর সাথে আলোচনা করেছি। থানার ওসি সাহেব ছুটিতে রয়েছেন। তিনি আসার পর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিলেটভিউ২৪ডটকম