সিলেটে মাংসের দোকানের বি*রো*ধ নিয়ে আদালতের যে নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
সিলেটের জকিগঞ্জ বাজারের চৌমুহনী এলাকায় মাংসের দোকান স্থানান্তরকে কেন্দ্র করে বাজার ব্যবস্থাপনা কমিটি ও মাংস ব্যবসায়ীদের মধ্যে চলমান বিরোধে হস্তক্ষেপ করেছেন আদালত। বিরোধপূর্ণ দোকানঘর নিয়ে উভয় পক্ষকে স্থিতিশীল অবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়ার পাশাপাশি বাদীকে স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনায় বাধা না দিতে বিবাদীদের প্রতি নির্দেশ দিয়েছে আদালত। সোমবার (১৬ নভেম্বর) জকিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক এই আদেশ প্রদান করেন।
জানা গেছে, গত ২ জুলাই জকিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটি ও পৌরসভা প্রশাসকের পক্ষ থেকে বাজারের নির্ধারিত মাংসের শেডে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। পরিবেশ সংরক্ষণের স্বার্থে শিশুপার্ক সংলগ্ন এলাকা থেকে মাংসের দোকান সরিয়ে নেওয়াসহ এ বিষয়ে মোট ছয়টি শর্ত আরোপ করা হয়। তবে মাংস ব্যবসায়ীদের একটি অংশ এ নির্দেশনার বিরোধিতা করেন এবং নির্ধারিত শেডে যেতে অসম্মতি জানান। এ নিয়ে বাজার ব্যবস্থাপনা কমিটি ও ব্যবসায়ীদের মধ্যে বিরোধ দেখা দেয়। বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে রাজনৈতিক নেতাদের সমন্বয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান আসেনি।
মাংস ব্যবসায়ীদের দাবি, পৌরসভা কর্তৃপক্ষের নির্ধারিত নিয়ম অনুসরণ করেই তাঁরা শিশুপার্ক সংলগ্ন এলাকায় নির্দিষ্ট দোকানকোটার বিপরীতে ট্রেড লাইসেন্স গ্রহণ করেছেন। লাইসেন্স থাকার পরও বর্তমান প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দ, জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং বাজার ব্যবস্থাপনা কমিটির বিভিন্ন পদক্ষেপের কারণে তাঁরা স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারছেন না বলে অভিযোগ করেন।
এদিকে মামলার বিবরণ থেকে জানা যায়, জকিগঞ্জ বাজারের আলমনগর মৌজার বি.এস. ১৭৪৭ দাগভুক্ত একটি দোকানঘরকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী রফিক আহমদের সঙ্গে বাজার ব্যবস্থাপনা কমিটির দায়িত্বশীলদের বিরোধের সূত্রপাত হয়। রফিক আহমদের অভিযোগ, বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি শামীম আহমদ ও সাধারণ সম্পাদক বেলাল আহমদ তাঁদের সমর্থকদের নিয়ে তাঁর দোকানটি তালাবদ্ধ করার চেষ্টা করেন এবং নিয়মিত ব্যবসা পরিচালনায় বাধা সৃষ্টি করেন।
এ ঘটনায় রফিক আহমদ ও শামীম আহমদ বাদী হয়ে গত ১৭ অক্টোবর জকিগঞ্জ সিভিল জজ আদালতে স্বত্ব মোকদ্দমা নং-৮৮/২০২৬ ও ৮৯/২০২৬ দায়ের করেন। মামলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি শামীম আহমদ ও সাধারণ সম্পাদক বেলাল আহমদকে বিবাদী করা হয়েছে। মামলার শুনানি শেষে গত বুধবার (১১ নভেম্বর) বিজ্ঞ সিভিল জজ আদালত অন্তর্বর্তীকালীন কয়েকটি নির্দেশনা প্রদান করেন।
আদেশে বলা হয়, বিবাদীপক্ষের আপত্তি দাখিল না করা পর্যন্ত বিরোধপূর্ণ দোকানঘর বিষয়ে উভয় পক্ষকে কঠোরভাবে স্থিতাবস্থা বজায় রাখতে হবে। পাশাপাশি বাদী যাতে কোনো ধরনের বাধা বা প্রতিবন্ধকতা ছাড়াই দোকানে নিয়মিত ব্যবসা পরিচালনা করতে পারেন, সে বিষয়ে বিবাদীদের নির্দেশ দেওয়া হয়। এছাড়া বিবাদীদের বিরুদ্ধে কেন অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হবে না, সে বিষয়ে আদালতের নোটিশ পাওয়ার ২১ দিনের মধ্যে লিখিত জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের আদেশ যথাযথভাবে বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জকিগঞ্জ থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে।
আদালতের নির্দেশনার বিষয়ে বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক বেলাল আহমদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে কমিটির কোষাধ্যক্ষ কে আই বুলবুল বলেন, ‘আমরা আজ নোটিশ পেয়েছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ বিষয়ে বাজার ব্যবস্থাপনা কমিটির বক্তব্য অবশ্যই আদালতের সামনে তুলে ধরব। আমরা মনে করি, আমাদের বক্তব্য আদালতে উপস্থাপিত হলে আদালত যৌক্তিক রায় প্রদান করবেন।’
এদিকে, মাংসের দোকান স্থানান্তর নিয়ে দীর্ঘদিনের বিরোধের কারণে বাজারের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। তবে আদালতের অন্তর্বর্তীকালীন আদেশ অনুযায়ী, বিরোধপূর্ণ দোকানঘর নিয়ে স্থিতাবস্থা বজায় রাখার পাশাপাশি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাদীকে চৌমুহনী এলাকায় ব্যবসা পরিচালনায় বাধা দেওয়ার সুযোগ নেই। এখন পরবর্তী আইনি প্রক্রিয়া ও আদালতের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা।
সিলেটভিউ২৪ডটকম