সিলেটে সুন্দর সমাজ গড়ার প্রত্যাশায় পালিত বড়দিন
নিজস্ব প্রতিবেদক
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সিলেটে পালিত হয়েছে খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে সিলেট জেলা ও মহানগরীর বিভিন্ন খ্রিষ্টান মিশন ও গির্জাগুলোতে প্রার্থনা, ধর্মীয় সংগীত আর বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন খ্রিষ্টান মিশনে এসে ফুল দিয়ে বড়দিনকে স্বাগত এবং পরস্পরকে শুভেচ্ছা জানান।
সকাল সাড়ে ১১টায় সিলেটের নয়াসড়কস্ত সিলেট প্রেসবিটারিয়ান চার্চে প্রার্থনার মধ্যদিয়ে শুরু হয় খ্রিষ্ট ধর্মীয় উপাসনা।
এসময় চার্চের ফাদার নিজের বক্তব্যে যিশুখ্রিষ্টের জীবনবৃত্তান্ত তুলে ধরেন। তিনি বড়দিন উপলক্ষে যিশুখ্রিষ্টের আদর্শ অনুসরণ করে হিংসা-বিদ্বেষমুক্ত একটি সুন্দর সমাজ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।