জোড়া গোলে নতুন যে রেকর্ডে ভাগ বসালেন রোনালদো
নিজস্ব প্রতিবেদক
ক্যারিয়ারের ৬৭তম হ্যাটট্রিকের খুব কাছেই ছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে আল আখদৌদের বিপক্ষে তিনবার বল জালে জড়ালেও ভিএআরের সিদ্ধান্তে বাতিল হয়ে যায় তার একটি গোল। ফলে হ্যাটট্রিকের আনন্দ থেকে বঞ্চিত হলেও জোড়া গোলেই ম্যাচের নায়ক হয়ে ওঠেন পর্তুগিজ মহাতারকা।
রোনালদোর দুই গোলের সঙ্গে পর্তুগিজ সতীর্থ জোয়াও ফিলিক্সের এক গোল যোগ হয়ে আল নাসর ৩-০ ব্যবধানে জয় পায়। প্রায় এক মাস পর লিগে মাঠে নেমেই গোলের খাতায় নাম লেখান ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ড।
এই জোড়া গোলেই রোনালদো স্পর্শ করেন ৬৫ বছরের পুরোনো এক ঐতিহাসিক রেকর্ড। ৩০ বছর বয়সের পর সর্বোচ্চ গোল করার কীর্তিতে তিনি ভাগ বসান ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার রনি রুকের সঙ্গে। ফুটবলের পরিসংখ্যান নিয়ে কাজ করা সংস্থা রেক.স্পোর্ট.সকার স্ট্যাটিস্টিকস ফাউন্ডেশনের (আরএসএসএসএফ) তথ্য অনুযায়ী, ৩০ পেরোনোর পর রনি রুক করেছিলেন ৪৯৩ গোল। যে রেকর্ডটি দীর্ঘদিন এককভাবে তার দখলেই ছিল।
অবিশ্বাস্য হলেও সত্য, রোনালদোর ক্যারিয়ারে ৩০ পেরোনোর পর গোলসংখ্যা ৩০ এর আগের সময়ের চেয়েও বেশি। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে ৩০ বছরে পা রাখার সময় তিনি খেলেছিলেন ৭১৮ ম্যাচ, যেখানে গোল করেছিলেন ৪৬৩টি। এরপর গত এক দশকে রোনালদো করেছেন ৪৯৩ গোল, গড়ে প্রতি ১২২ মিনিটে একটি করে গোল। বয়স যে তার কাছে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করলেন সিআর সেভেন।
রনি রুক ১৯৪১ সালে ৩০ বছরে পা রাখার পর টানা দুই দশক ইউরোপের বিভিন্ন স্তরের ফুটবলে খেলেছেন। আর্সেনাল ও ক্রিস্টাল প্যালেসে খেললেও তার সবচেয়ে উজ্জ্বল সময় কেটেছে ফুলহামে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগে ফুলহামের হয়ে লিগে ৮৭ ম্যাচে ৫৭ গোল করেন তিনি।
যুদ্ধকালীন সময়েও থেমে থাকেননি রনি রুক। একই সঙ্গে তিনি রয়্যাল এয়ার ফোর্সে (আরএএফ) দায়িত্ব পালন করেন এবং যুদ্ধকালীন প্রতিযোগিতায় ফুলহামের হয়ে ১৯৯ ম্যাচে ২১২ গোল করেন। পরবর্তী সময়ে বেডফোর্ড টাউন, হেওয়ার্ডস হিথ টাউন ও অ্যাডলস্টোনের মতো ক্লাবেও খেলেছেন তিনি। সব মিলিয়ে ৩০ বছর বয়সের পর তার গোলসংখ্যা দাঁড়ায় ৪৯৩, যা ১৯৬১ সালে অবসর নেওয়ার পর থেকে অক্ষত ছিল।
আল আখদৌদের বিপক্ষে ম্যাচের ৩১ মিনিটে প্রথম গোল এবং প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দ্বিতীয় গোল করেই সেই রেকর্ডে ভাগ বসান রোনালদো। বর্তমান ফিটনেস ও ফর্ম বিবেচনায় এই রেকর্ড এককভাবে নিজের করে নেওয়া কেবল সময়ের ব্যাপার বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
আগামী ৩০ ডিসেম্বর আল ইত্তিফাকের বিপক্ষে ম্যাচেই হয়তো ইতিহাসে এককভাবে নাম লেখাবেন রোনালদো। ক্যারিয়ারে তার গোলসংখ্যা এখন ৯৫৬। হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে আর খুব দূরে নন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।
বিডি-প্রতিদিন