বিপিএল থেকে কেন বাদ পড়ল চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি
অনলাইন ডেস্ক
২০২৬ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) তিন ভেন্যুর বদলে এবার দুটি ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম এবারের বিপিএলের ভেন্যু তালিকা থেকে বাদ পড়েছে।
বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, বিশেষ পরিস্থিতির কারণে ভেন্যুর সংখ্যা কমানো হয়েছে।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। এ কারণে গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের দুটি ম্যাচ স্থগিত করা হয়। সূচি একাধিকবার পরিবর্তনের পর নতুন সূচি অনুযায়ী ৪ জানুয়ারি সিলেট স্টেডিয়ামে সিলেট টাইটানস–চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস–রংপুর রাইডার্সের ম্যাচ অনুষ্ঠিত হবে।
সিলেটে সাংবাদিকদের মিঠু বলেন, ‘জাতীয় শোকের কারণে দুই দিন খেলা বন্ধ রাখতে হয়েছে। এতে আমাদের সূচিতে জটিলতা তৈরি হয়।’
আগের সূচি অনুযায়ী ২ জানুয়ারি সিলেট পর্ব শেষ হওয়ার কথা ছিল এবং ৫ জানুয়ারি চট্টগ্রামে টুর্নামেন্টের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা ছিল। তবে দুই দিনের বিরতির কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
এ ছাড়া আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জাতীয় দলের খেলোয়াড়দের ছাড়তে হবে জানিয়ে মিঠু বলেন, ২৬ জানুয়ারির মধ্যে লিটন দাস, তানজিদ হাসান তামিমদের দেশ ছাড়তে হবে। সে কারণে বিপিএলের ফাইনাল ২৩ জানুয়ারির মধ্যে আয়োজন করতে হচ্ছে।
পরিবর্তিত সূচিতে দুই দিনের যাত্রাবিরতি বাদ দিয়ে সিলেট ও মিরপুর—এই দুটি ভেন্যুতেই বিপিএলের সব ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিরপুরে আগে নির্ধারিত ১০টি ম্যাচ অপরিবর্তিত থাকছে। চট্টগ্রামের জন্য নির্ধারিত ম্যাচগুলো সরিয়ে নেওয়া হয়েছে সিলেটে।
ইফতেখার রহমান মিঠু বলেন, ‘চট্টগ্রামের দর্শক ও আয়োজকরা সব প্রস্তুতি সম্পন্ন করেছিলেন। কিন্তু সূচি মেলাতে না পারায় বাধ্য হয়ে চট্টগ্রাম পর্ব বাদ দিতে হয়েছে।’
ছয় দল—ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স ও নোয়াখালী এক্সপ্রেস—নিয়ে চলমান বিপিএলের মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বর্তমানে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এখনো জয় পায়নি নবাগত নোয়াখালী এক্সপ্রেস।
বিডি-প্রতিদিন