কুয়াশা উপেক্ষা করে সিলেট স্টেডিয়ামে দর্শকদের ভিড়
এহিয়া আহমদ
শীতের কুয়াশাচ্ছন্ন সন্ধ্যাও থামাতে পারেনি ক্রিকেটপ্রেমীদের। ঘন কুয়াশা উপেক্ষা করে বিপিএলের উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভিড় জমিয়েছেন হাজারো দর্শক। গ্যালারিতে ছিল করতালি, স্লোগান আর রঙিন ব্যানারে ভরা উৎসবমুখর পরিবেশ।
শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৮টার দিকে শুরু হওয়া ম্যাচে মুখোমুখি হয়েছে সিলেট টাইটান্স ও রংপুর রাইডার্স। টানা দুই ম্যাচে দাপুটে জয়ের পর আজকের ম্যাচে হ্যাটট্রিক জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামে সিলেট টাইটান্স। দলের এই ধারাবাহিক পারফরম্যান্সে উজ্জীবিত দর্শকরাও শুরু থেকেই ছিলেন বেশ প্রাণবন্ত।
টসে জিতে রংপুর রাইডার্স প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। শুরুতে কিছুটা সতর্ক ব্যাটিং করে সিলেট টাইটান্স। তবে রংপুরের বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে চাপ তৈরি করে। পাওয়ারপ্লেতেই কয়েকটি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় স্বাগতিকরা।
সর্বশেষ পাওয়া খবরে সিলেট টাইটান্স ৪ উইকেট হারিয়ে ৬৮ রান সংগ্রহ করেছে। ক্রিজে থাকা ব্যাটাররা পরিস্থিতি সামাল দিয়ে ইনিংস বড় করার চেষ্টা করছেন। অন্যদিকে রংপুর রাইডার্সের বোলাররা আঁটসাঁট লাইন ও লেংথে বল করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
হ্যাটট্রিক জয়ের স্বপ্ন, দর্শকদের প্রত্যাশা আর মাঠের টানটান উত্তেজনা—সব মিলিয়ে কুয়াশামাখা সিলেটের রাত যেন আরও রোমাঞ্চকর হয়ে উঠেছে বিপিএলের এই ম্যাচে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত জয় কার হাসি ফোটায়।
সিলেটভিউ২৪ডটকম