বিপিএল,
রিপনের হ্যাটট্রিকে গুটিয়ে গেল ঢাকা ক্যাপিটালস
স্পোর্টস ডেস্ক
চলমান বিপিএলে ব্যাটিং ব্যর্থতা থেকে বেরোতেই পারছে না ঢাকা ক্যাপিটালস। সোমবার (১২ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচে রিপন মণ্ডলের দুর্দান্ত হ্যাটট্রিকে মাত্র ১৩১ রানেই অলআউট হয়ে গেছে রাজধানীর দলটি।
সাত ম্যাচে মাত্র দুটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে থাকা ঢাকা ক্যাপিটালস এই ম্যাচে টানা দুই হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শুরুটা আশাব্যঞ্জক হলেও তা ধরে রাখতে ব্যর্থ হয় দলটি।
উদ্বোধনী জুটিতে উসমান খান ও আব্দুল্লাহ আল মামুন যোগ করেন ৫৪ রান। সপ্তম ওভারে উসমান খানকে বোল্ড করে ঢাকার বিপর্যয়ের সূচনা করেন আব্দুল গাফফার সাকলাইন। ২৭ বলে ৪১ রান করে ফেরেন উসমান। পরের বলেই সাইফ হাসানকে এলবিডব্লিউ করে গোল্ডেন ডাক উপহার দেন সাকলাইন।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ঢাকা। অধিনায়ক মোহাম্মদ মিঠুন ১৬ বলে ১৩ রান করে রুবেলের বলে রায়ার্ন বার্লের হাতে ক্যাচ দেন। ইমাদ ওয়াসিমও সুবিধা করতে পারেননি, ১১ বলে ১১ রান করে সাকলাইনের বলে রুবেলের হাতেই ক্যাচ তুলে দেন তিনি।
মাঝের ওভারে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন নাসির হোসেন। তবে তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। ২৭ বলে ২৪ রান করে বিনুরা ফার্নান্দোর বলে রুবেলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন নাসির।
শেষ দিকে সাব্বির রহমান দুটি ছক্কা হাঁকিয়ে দ্রুত রানের আভাস দিলেও শেষ ওভারে বড় শট খেলতে গিয়ে রিপন মণ্ডলের বলে তানজিদ হাসান তামিমের হাতে ধরা পড়েন। ১০ বলে ১৪ রান করে বিদায় নেন সাব্বির। এরপর টানা দুই বলে জিয়াউর রহমান শারিফি ও তাইজুল ইসলামকে ফিরিয়ে হ্যাটট্রিক পূরণ করেন রিপন।
এর মাধ্যমে চলমান বিপিএলে তৃতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন রিপন মণ্ডল। এর আগে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে হ্যাটট্রিক করেছিলেন মেহেদী হাসান রানা এবং রংপুর রাইডার্সের হয়ে এই কীর্তি গড়েন মৃত্যুঞ্জয় চৌধুরী।
রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে দুর্দান্ত বোলিং করেন আব্দুল গাফফার সাকলাইন, যিনি শিকার করেন ৪টি উইকেট। এছাড়া রিপন মণ্ডল নেন ৩টি, রুবেল ২টি এবং বিনুরা ফার্নান্দো ১টি উইকেট।
বিডি প্রতিদিন