চার দিন আগে সব বাহিনী মোতায়েন
► ইসির নির্দেশই এখন সবচেয়ে বড় – প্রধান উপদেষ্টা ► লুট অস্ত্রের ২২৫৯টি উদ্ধার হয়েছে – সেনাপ্রধান
অনলাইন ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে গতকাল সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় এখন থেকে নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা মেনে সবাইকে একযোগে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।
সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ, সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ খাঁন, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি, নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, বর্ডার গার্ডের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত সবার উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, ‘নির্বাচন সামনে রেখে আজ থেকে আমাদের ধাপে ধাপে পরীক্ষা শুরু হলো, ১২ ফেব্রুয়ারি হবে ফাইনাল। ইসির নির্দেশই এখন সবচেয়ে বড় নির্দেশ। আমরা সবাই নির্বাচন কমিশনকে সাহায্য করব, এটাই আমাদের কাজ। আইনশৃঙ্খলাসংক্রান্ত কমান্ডের মূল ভূমিকায় থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন কোথাও যেন কোনো গলদ না থাকে।’ বৈঠকের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে সভার বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।
শফিকুল আলম জানান, নির্বাচনের সময় উন্নত ইন্টারনেট সেবা দিতে চারটি মোবাইল ফোন কোম্পানিকে নির্দেশ দেওয়া হয়েছে। ২৫ হাজার ৫০০ বডি-ওর্ন ক্যামেরা থাকবে পুলিশের কাছে। এর ফুটেজ সুরক্ষা অ্যাপে যুক্ত হবে, যা দেখে কুইক রেসপন্স নিশ্চিত করা হবে। ভোটের সময় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন। ভোটের সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা রিটার্নিং কর্মকর্তার অধীনে সমন্বয় করে কাজ করবেন। এ সময় সেনাবাহিনীর ১ লাখ, নৌবাহিনীর ৫ হাজার, বিমানবাহিনীর ৩ হাজার ৫০০ সদস্য দায়িত্ব পালন করবেন। অন্য বাহিনীর সঙ্গে ফায়ার সার্ভিসও থাকবে। আরও থাকবে ৫০০ ড্রোন। পাবনা ১ ও ২ আসন নিয়ে শঙ্কা থাকলেও দুই আসনসহ ৩০০ আসনেই নির্বাচন হবে। নির্বাচনে অংশ নিচ্ছেন ১ হাজার ৮৪২ জন বৈধ প্রার্থী। দায়িত্বে থাকবেন ৬৯ জন রিটার্নিং অফিসার, ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ হাজার ৪৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সভায় নির্বাচনের প্রস্তুতি ও নানান চ্যালেঞ্জ নিয়ে সবাই প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান জানান, ২০২৪ সালের আগস্টে গণ অভ্যুত্থানকালে দেশের বিভিন্ন থানা থেকে ৩ হাজার ৬১৯টি অস্ত্র লুট হয়েছে। এসবের মধ্যে ২ হাজার ২৫৯টি উদ্ধার করা হয়েছে, যা লুটকৃত অস্ত্রের ৬২.৪ শতাংশ। একই সময়ে বিভিন্ন থানা থেকে লুটকৃত গোলাবারুদের পরিমাণ ছিল ৪ লাখ ৫৬ হাজার ৪১৮ রাউন্ড। এর মধ্যে ২ লাখ ৩৭ হাজার ১০০ রাউন্ড উদ্ধার হয়েছে, যা ৫২ শতাংশ।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘সশস্ত্র বাহিনীর সদস্যরা এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে বিবেচিত হবে। প্রয়োজন হলে তারা ভোট কেন্দ্রের আঙিনায় প্রবেশ করতে পারবে।’
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, ‘এবারের নির্বাচনে প্রিসাইডিং অফিসারের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র আনসার সদস্য ভোট কেন্দ্রের ভিতরে অবস্থান করবেন। কাউকে কেন্দ্রের ভিতরে কোনো বেআইনি কাজ করতে দেওয়া হবে না।’ স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি বলেন, ‘পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা প্রয়োজনীয় ক্ষেত্রে ড্রোন ব্যবহার করবে।
ভোটের চার দিন আগে সব বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে এবং ভোটের পর আরও সাত দিন মাঠে থাকবে। বুধবারই (গতকাল) মাঠপর্যায়ের তথ্য ২৪ ঘণ্টা মনিটরিং শুরু হয়েছে।’
বিডি প্রতিদিন