হবিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। ২৬ মার্চ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দুর্জয় হবিগঞ্জে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। দিবসের প্রথম প্রহরে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব জি কে গউছ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন এবং পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ পুষ্পস্তবক অর্পণ করেন। পাশাপাশি বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এছাড়া জেলা বিএনপির পক্ষ থেকেও জি কে গউছ পুষ্পস্তবক অর্পণ করেন। জেলা মুক্তিযোদ্ধা সংসদ শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে। পরে সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
দিবসটি উপলক্ষে পরে জালাল স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী ও সামাজিক সংগঠন অংশগ্রহণ করে।