‘এই দেশের মানুষ কোনোদিন কোনো তাঁবেদারি শাসন মেনে নেবে না’
গ্রাম পুলিশকে প্রাতিষ্ঠানিক পুলিশের স্বীকৃতি দেওয়ার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর
অনলাইন ডেস্ক
গ্রাম পুলিশকে প্রাতিষ্ঠানিক পুলিশের স্বীকৃতি দেওয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আমাদের নেতা তারেক রহমান গরিবের বন্ধু, শ্রমজীবী মানুষের বন্ধু, শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। আমরা আপনাদের স্বীকৃতি দিয়েছি, এ দেশের মানুষ স্বীকৃতি দিয়েছে। আপনারা গ্রাম পুলিশ কিন্তু প্রাতিষ্ঠানিক পুলিশের স্বীকৃতি পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
শনিবার রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।
গ্রাম পুলিশের ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাচীন বাংলার হাজার বছরের ঐতিহ্য ও গৌরবমণ্ডিত ইতিহাসের অংশ গ্রাম পুলিশ। হাজার বছর আগে এই বাহিনীর যাত্রা শুরু। মোগল আমলে তারা একটি নাম পেয়েছিলেন। পরবর্তীসময়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাদের গ্রাম পুলিশ নামে অভিহিত করেন এবং আইনি স্বীকৃতি দেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও তাদের জীবনমান উন্নয়নে বোনাস দিয়েছেন এবং চেষ্টা করেছেন।
৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহি ও জনতার মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের অবরুদ্ধ স্বাধীনতা রক্ষা করা হয়েছিল। বহু বছর ৭ নভেম্বর পালন করা হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, এই দেশের মানুষ কোনোদিন কোনো তাঁবেদারি শাসন মেনে নেবে না। কোনোদিন অবরুদ্ধ স্বাধীনতা থাকতে দেবে না। আমরা কোনোদিন পরাধীন হবো না।
গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, গ্রামীণ পর্যায়ে তৃণমূল মানুষের সঙ্গে প্রশাসনের সেতুবন্ধন হিসেবে কাজ করেন আপনারা। গ্রামের শান্তিশৃঙ্খলা রক্ষা, পাহারা দেওয়া এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি বলেন, তাই গ্রামকে শক্তিশালী করতে গেলে বর্তমানে বিগত ১৭ বছরের কিছু জঞ্জাল, অন্যায় যেগুলো আমরা বহন করে যাচ্ছি, সেগুলো থেকে মুক্ত করতে হবে। মাদকমুক্ত করতে হবে সব গ্রামকে, সন্ত্রাসমুক্ত করতে হবে, চাঁদাবাজমুক্ত করতে হবে। প্রাথমিক দায়িত্ব আপনাদের, পারবেন?
গ্রাম পুলিশ সদস্যদের বিভিন্ন দাবির বিষয়ে মন্ত্রী বলেন, সব দাবি পূরণের বিষয়ে সরকার আশাবাদী। অর্থনীতি সমৃদ্ধ ও শক্তিশালী হলে বেতন-ভাতা বাড়ানোসহ তাদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ইনশাআল্লাহ, আশা করি আপনাদের সব দাবি-দাওয়া পূর্ণ হবে। আপনারা সহযোগিতা করে যাবেন, ইনশাআল্লাহ উত্তরোত্তর আপনাদের জীবনমান আরও উন্নত হবে। অর্থনীতি সমৃদ্ধ হবে, অর্থনীতি শক্তিশালী হবে, আপনাদের জীবনমান উন্নয়নের জন্য আপনাদের ভাতা, বেতন সবকিছু তখন বাড়বে।
বিডি প্রতিদিন