অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ইউএনডিপির প্রতিনিধিদের বৈঠক
আইনজীবীদের নৈতিকতা বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ হবে সব বিভাগে
অনলাইন ডেস্ক
দেশের আইনজীবীদের পেশাগত নৈতিকতা, সততা ও আইনের শাসনের প্রতি অঙ্গীকার আরও শক্তিশালী করতে বিভাগীয় পর্যায়ে উচ্চতর প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব বিভাগে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
রবিবার বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে ইউএনডিপির প্রতিনিধিদলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়, ইউএনডিপি, আইন মন্ত্রণালয় ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের যৌথ উদ্যোগে আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস জাঁকজমকপূর্ণভাবে পালন করা হবে।
অ্যাটর্নি জেনারেল কার্যালয় জানায়, জাতিসংঘ ও ইউএনডিপির সহযোগিতায় প্রথমবারের মতো গত ১৮ ও ১৯ সেপ্টেম্বর ঢাকায় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের জন্য ‘স্ট্রেনদেনিং দ্য প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিসেস অব প্রসিকিউটোরিয়াল এথিক্স ফর দ্য অ্যাটর্নি জেনারেলস অফিস অব বাংলাদেশ’ শীর্ষক দুই দিনব্যাপী উচ্চতর প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এর ধারাবাহিকতায় জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দফতর (ইউএনওডিসি) বাংলাদেশ অফিসের প্রধান শাহ মোহাম্মদ নাহীয়ান এবং ইউএনডিপির রুল অব ল, জাস্টিস অ্যান্ড সিকিউরিটি বিষয়ক সিনিয়র অ্যাডভাইজার রোমানা শোয়াইগার অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।
বৈঠকে সারা দেশের আইনজীবীদের জন্য একই ধরনের প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করতে বিভাগীয় পর্যায়ে নৈতিকতা বিষয়ক উচ্চতর প্রশিক্ষণ আয়োজনের বিষয়ে ঐকমত্য হয়।
সংশ্লিষ্টরা জানান, এ প্রশিক্ষণের মূল লক্ষ্য আইনজীবী ও আইন কর্মকর্তাদের পেশাগত সততা, স্বাধীনতা, মানবিক মর্যাদা, মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি অঙ্গীকার আরও সুদৃঢ় করা। প্রাথমিকভাবে চলতি বছরের মধ্যেই চট্টগ্রাম ও খুলনা বিভাগে এ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হবে। পরে পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিভাগেও কার্যক্রম সম্প্রসারণ করা হবে। বিভাগভুক্ত জেলা বার ও চৌকি বারগুলোর আইনজীবীরা প্রতিনিধিত্বের ভিত্তিতে এসব প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
বিডি প্রতিদিন