সময় হলেই ভারত সফরে যাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী : দীনেশ ত্রিবেদী
অনলাইন ডেস্ক
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, যখন সময় হবে, তখন নিশ্চয়ই বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন।
মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নভেম্বরে দিল্লি সফরের সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে। এ বিষয়ে কোনো নির্দিষ্ট তারিখ নিয়ে আলোচনা হয়েছে কি না? এ প্রশ্নের জবাবে ভারতের হাইকমিশনার বলেন, ভারত সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণ এখনো বহাল আছে। এটা নিয়ে মনে হচ্ছে না এবার কোনো তাড়াহুড়ার দরকার আছে। যখন সময় হবে, নিশ্চয়ই হবে। সবকিছুই ইতিবাচক আছে।
যথাযথ সময় দেওয়ার কথা উল্লেখ করে তিনি জানান, একটা সময়ের মধ্যে সবকিছু ইতিবাচক হবে। তিনি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইতিবাচক আছেন। বাংলাদেশের জনগণও ইতিবাচক আছে।
দুই দেশের রাজনৈতিক বাস্তবতার কথাও উল্লেখ করে দীনেশ ত্রিবেদী বলেন, রাজনৈতিক বাধ্যবাধকতা দুই দিকেই আছে। সামগ্রিকভাবে সবকিছু ইতিবাচক আছে।
তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে নিজের আশাবাদের কথা জানিয়ে তিনি বলেন, আমার এই আত্মবিশ্বাস আছে, যখন দুই প্রধানমন্ত্রী মনে করবেন যে সুবিধাজনক সময় হয়েছে, তখন সফরটি হবে।
বিডি প্রতিদিন