• সিলেট, রাত ১০:০৩, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিউকের পরিকল্পনায় বদলে যাবে সিলেট

admin
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৬
সিউকের পরিকল্পনায় বদলে যাবে সিলেট

Manual8 Ad Code

ছবি: সিলেট ভিউ গ্রাফিক্স ও এআই।

সিউকের পরিকল্পনায় বদলে যাবে সিলেট

নিজস্ব প্রতিবেদক

Manual5 Ad Code

 

 

সিলেট মহানগরীকে পরিকল্পিত, আধুনিক ও নাগরিকবান্ধব হিসেবে গড়ে তুলতে আটটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প বাস্তবায়িত হলে নগরবাসীর শিক্ষা, আবাসন, খেলাধুলা ও বিনোদনের সুযোগ বাড়ার পাশাপাশি দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন এবং নগরীর অবকাঠামোগত উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও সরকারের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে প্রকল্পগুলোর পরিকল্পনা ও যৌক্তিকতা দেখে সন্তোষ প্রকাশ করেছেন তিনি।

Manual6 Ad Code

 

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর ঢাকায় বিসিক ভবনে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের গৃহীত আটটি প্রকল্প নিয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্পগুলোর পরিকল্পনা, প্রয়োজনীয়তা ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

 

 

সিউকের পরিকল্পিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- সিউকের জন্য স্থায়ী কার্যালয় স্থাপন, গ্রিন ইকো হাউজিং প্রকল্প গ্রহণ, সিউক স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা, শাহ খুররম ডিগ্রি কলেজসংলগ্ন এলাকায় খেলার মাঠ নির্মাণ, লাউয়াই এলাকায় আয়বর্ধক প্রকল্প গ্রহণ, আম্বরখানা কলোনি মাঠ সংস্কার, উপশহর মাঠের সৌন্দর্যবর্ধন এবং আম্বরখানা পয়েন্টের যানজট নিরসনে বিশেষ প্রকল্প গ্রহণ।

সভা শেষে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘সিউকের নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বিস্তারিত পরামর্শ হয়েছে। প্রকল্পগুলোর পরিকল্পনা ও যথার্থতা পর্যালোচনা করে মন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি এগুলো দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছেন।’

 

 

সিউক সূত্র জানায়, প্রকল্পগুলোর মূল লক্ষ্য হচ্ছে সিলেট মহানগরীর নাগরিক সুবিধা সম্প্রসারণের পাশাপাশি শিক্ষা, খেলাধুলা ও বিনোদনের পরিবেশ উন্নত করা। নগরীর গুরুত্বপূর্ণ উন্মুক্ত স্থানগুলোকে আরও ব্যবহারোপযোগী ও নান্দনিক করে তোলার পরিকল্পনাও রয়েছে এসব উদ্যোগে। পাশাপাশি লাউয়াই এলাকায় আয়বর্ধক প্রকল্প গ্রহণের মাধ্যমে সিউকের নিজস্ব আয়ের উৎস তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পগুলোর মধ্যে আম্বরখানা পয়েন্টের যানজট নিরসনে বিশেষ উদ্যোগটি নগরবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন ধরে এ এলাকায় যানজটের কারণে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ওই এলাকার যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জনদুর্ভোগ কমানোর সুযোগ তৈরি হবে।

Manual5 Ad Code

 

 

অন্যদিকে, আম্বরখানা কলোনি মাঠের সংস্কার ও উপশহর মাঠের সৌন্দর্যবর্ধনের মাধ্যমে নগরবাসীর জন্য উন্মুক্ত পরিবেশ, খেলাধুলা ও অবসর কাটানোর সুযোগ বাড়বে। শাহ খুররম ডিগ্রি কলেজসংলগ্ন এলাকায় নতুন খেলার মাঠ নির্মিত হলে বিশেষ করে তরুণ প্রজন্মের খেলাধুলার পরিসর আরও সম্প্রসারিত হবে। এছাড়া গ্রিন ইকো হাউজিং প্রকল্পের মাধ্যমে পরিকল্পিত আবাসন ব্যবস্থার উন্নয়ন এবং সিউক স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষা খাতে নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্য রয়েছে। সংস্থার স্থায়ী কার্যালয় স্থাপনের উদ্যোগও প্রাতিষ্ঠানিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

 

সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী আরও বলেন, বাণিজ্যমন্ত্রীর নির্দেশনা ও সহযোগিতায় প্রকল্পগুলোর বাস্তবায়ন কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে। পরিকল্পিতভাবে এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে সিলেট মহানগরীর নাগরিক অবকাঠামো, পরিবেশ ও জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

পরামর্শ সভায় সিউকের নির্বাহী পরিচালক (সিনিয়র সহকারী ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) মো. সাদিউর রহিম জাদিদ, সহকারী স্থপতি চন্দন দেওয়ান, সহকারী প্রকৌশলী মো. ইবতেশাম আলম এবং সহকারী প্রোগ্রামার আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

 

 

 

Manual5 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com