সিলেটে রাতে পর্যটক সেজে মোটরসাইকেলে ঘুরছে চো র ও মা/দ/ক কারবারিরা: পুলিশ
নিজস্ব প্রতিবেদক
মাদক কারবারি, চোরাকারবারি ও নাশকতাকারীদের তৎপরতা রুখতে সিলেট মহানগরীতে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত যুক্তিসঙ্গত কারণ ছাড়া মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।
সম্প্রতি নগরীর চালিবন্দর এলাকায় বাসে আগুন দেওয়া ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের পারিবারিক বাসার প্রধান গেটে অগ্নিসংযোগের ঘটনায় নগরের সার্বিক জননিরাপত্তার কথা বিবেচনা করেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
গত শনিবার (২১ নভেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মুর্শেদ শামীমের সই করা এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট মহানগরী এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত যুক্তিসঙ্গত কারণ ছাড়া মোটরসাইকেল নিয়ে চলাচল করা যাবে না। তবে জরুরি প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে বের হলে হালনাগাদ প্রয়োজনীয় কাগজপত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখতে হবে।
এসএমপির অতিরিক্ত উপকমিশনার (সিটিএসবি ও গণমাধ্যম) মো. আফজাল হোসেন জানান, রাতের বেলা মোটরসাইকেল ব্যবহার করে অপরাধীদের চলাফেরা বেড়ে যাওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘বিজ্ঞপ্তি দেওয়ার আগে আমরা কয়েকটি বিষয় বিবেচনায় নিয়েছি। দেখা গেছে, এ সময় মাদক কারবারি, চোরাকারবারিদের লোকজন ও চোরেরা মোটরসাইকেল ব্যবহার করে চলাফেরা করে। কখনো কখনো তারা পর্যটকের ছদ্মবেশেও থাকে।’
তিনি আরও বলেন, ‘সম্প্রতি বাসে আগুন দেওয়া এবং প্রতিমন্ত্রীর বাসার প্রবেশপথে অগ্নিসংযোগের মতো ঘটনাগুলোও আমরা বিবেচনায় নিয়েছি। একটি স্বার্থান্বেষী গোষ্ঠী অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। যেকোনো উপায়ে নগরের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কাজ করছি।’
সিলেটভিউ২৪ডটকম