মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ডেটা সায়েন্স প্রোগ্রাম চালু, সিলেটে এই প্রথম
অনলাইন ডেস্ক
আধুনিক ও ভবিষ্যতমুখী শিক্ষার সুযোগ নিয়ে বৃহত্তর সিলেটের প্রথম স্থায়ীভাবে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটি চালু করেছে বিএসসি (অনার্স) ইন ডেটা সায়েন্স। এই প্রোগ্রামে স্প্রিং টার্মে এখন ভর্তি কার্যক্রম চালাচ্ছে প্রতিষ্ঠানটি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, বর্তমান যুগের সবচেয়ে চাহিদাসম্পন্ন ও সম্ভাবনাময় বিষয়গুলোর একটি হলো ডেটা সায়েন্স। সিলেট অঞ্চলে এই প্রথম এবং একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে মেট্রোপলিটন ইউনিভার্সিটি ডেটা সায়েন্সে পূর্ণাঙ্গ অনার্স প্রোগ্রাম চালু করেছে। চার বছর মেয়াদী এই প্রোগ্রামে আধুনিক প্রযুক্তিনির্ভর বিষয় যেমন— মেশিন লার্নিং(এমএল), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডেটা অ্যানালাইসিস অন্তর্ভুক্ত রয়েছে, যা শিক্ষার্থীদের আগামী দিনের প্রযুক্তি জগতের জন্য দক্ষ করে গড়ে তুলবে।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ড. তৌফিক রহমান চৌধুরী বলেন, এই প্রোগ্রামের বিশেষ দিকগুলোর মধ্যে রয়েছে অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে পাঠদান, আধুনিক কম্পিউটার ল্যাবে হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ, শিক্ষার্থীদের জন্য গবেষণামুখী শেখার পরিবেশ, ইন্টার্নশিপ করার সুযোগ এবং ক্যারিয়ার সাপোর্ট।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির চেয়ারম্যান তানভীর রহমান চৌধুরী বলেন, আমরা আধুনিক সময় ধারণের চেষ্টা করি সর্বদা। সেজন্যই আধুনিকতার অন্যতম চাহিদাসম্পন্ন বিষয় ডেটা সায়েন্স নিয়ে আমাদের প্রতিষ্ঠানে প্রোগ্রাম চালু করেছি। প্রোগ্রামটি সম্পন্ন করার পর শিক্ষার্থীরা ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যানালিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এআই ও এমএল গবেষক এবং ডেটা ইঞ্জিনিয়ার হিসেবে দেশ-বিদেশে ক্যারিয়ার গড়ার সুযোগ পাবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, ডেটা সায়েন্স প্রোগ্রামে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মেধাবী শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ৫০ ভাগ পর্যন্ত স্কলারশিপ এবং এইচএসসিতে জিপিএ-৫ (গোল্ডেন) প্রাপ্ত প্রথম দশজন শিক্ষার্থীর জন্য বিশেষ টিউশন ফি মওকুফের সুবিধা রয়েছে।