প্রতিদিন ৫০ জনকে বিশুদ্ধ পানি সরবরাহ করছেন বানিয়াচংয়ের আতাউর
বানিয়াচং প্রতিনিধি
হবিগঞ্জের বানিয়াচংয়ে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বড়বাজারের ব্যবসায়ী ও সাংবাদিক আতাউর রহমান মিলন।
পবিত্র রমজান মাসের শুরু থেকেই তিনি এই উদ্যোগ চালিয়ে যাচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, কেউ বালতি, কেউ কলসী কেউবা আবার জগসহ পানির যেকোনো পাত্র নিয়ে হাজির হয়েছেন পানি সংগ্রহের জন্য। প্রতিদিন বিকেল ৫টা থেকে শুরু ইফতার পর্যন্ত তিনি অন্তত ৫০ জন মানুষের মধ্যে বিশুদ্ধ পানি বিতরণ করেন। বাসাবাড়ি, চায়ের দোকান, বাজারের বিভিন্ন দোকানের কর্মচারী এবং শহিদ মিনার সংলগ্ন নাগেরখান এলাকার মানুষ তার কাছ থেকে নিয়মিত পানি সংগ্রহ করছেন।
জানা যায়, বানিয়াচংয়ে দীর্ঘদিন ধরে পানির স্তর নিচে নেমে যাওয়া এবং অধিকাংশ গভীর নলকূপ নষ্ট হয়ে যাওয়ার কারণে তীব্র খাবার পানির সংকট দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন এলাকার শত শত মানুষ।
শহিদ মিনার এলাকার পিঠা ও ইফতার ব্যবসায়ী মখলিছ মিয়া জানান, ‘রমজানের শুরু থেকেই আমিসহ আশেপাশের অনেক ব্যবসায়ী তার কাছ থেকে পানি নিচ্ছি। তিনি সত্যিই একজন ভালো মানুষ।’
মেসার্স বাপ্পী মেডিকেল হল এর স্বত্বাধিকারী হাসমত আলী খান বলেন, ‘পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ করে আতাউর রহমান মিলন এলাকায় ব্যাপক প্রশংসা অর্জন করেছেন। আমরা আশা করি, তার এ মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
সাংবাদিক ও সমাজকর্মী আব্দুল হক মামুন বলেন, ‘আতাউর ছোটবেলা থেকেই মানবিক মানুষ। রমজান মাসে তার এমন মানবিক উদ্যোগ সত্যিই বেশ প্রশংসার দাবিদার।’
এ বিষয়ে জানতে চাইলে সিলেটভউকে আতাউর রহমান মিলন বলেন, “আমার এক হাজার ফুট গভীর নলকূপ থেকে সাবমার্সিবল মোটরের মাধ্যমে বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ করে আমি তৃপ্তি অনুভব করছি। মানবিক এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার চেষ্টা থাকবে।”