• সিলেট, দুপুর ২:৫২, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে এসে বিএনপিকে ইঙ্গিত করে যে প্রশ্ন রাখলেন নাহিদ

admin
প্রকাশিত মার্চ ৪, ২০২৬
সিলেটে এসে বিএনপিকে ইঙ্গিত করে যে প্রশ্ন রাখলেন নাহিদ

Manual1 Ad Code

সিলেটে এসে বিএনপিকে ইঙ্গিত করে যে প্রশ্ন রাখলেন নাহিদ

নিজস্ব প্রতিবেদক

Manual8 Ad Code

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আবারও দলীয়করণের পথে যাচ্ছে কি না এ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। দেশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে গণতন্ত্র থেকে আবার একদলীয় শাসনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে কি না, তা নিয়ে উদ্বেগ রয়েছে।

বুধবার (৪ মার্চ) বিকেল পৌনে ৬টার দিকে নগরীর কাজীটুলাস্থ একটি কমিউনিটি সেন্টারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual1 Ad Code

নাহিদ ইসলাম বলেন, সিলেট সব সময় ঐক্যের রাজনীতির উদাহরণ তৈরি করেছে। আমরা জাতীয় পর্যায়ে আওয়ামী লীগ, বিএনপির অনেক হানাহানি দেখলেও সিলেটের বিভিন্ন সময় আমরা ব্যতিক্রম পরিস্থিতি দেখেছি। সিলেটের ঐক্যের রাজনীতি সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে।

তিনি বলেন, আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, আমাদের আরেকটি লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। তবে এবার আমরা ভুল করতে চাই না, এবার আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নামতে চাই। গণঅভ্যুত্থান হয়ে গিয়েছিল, সেই গণ-অভ্যুত্থান পরবর্তী করণীয়তে আমরা অনেক কিছুই ভুল করেছি। ফলে আজকে দেশের এই বেহাল অবস্থা আবারও তৈরি হয়েছে। সামনে যে রাজনৈতিক লড়াই আসবে, সেখানে প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হবে।

 

তিনি আরও বলেন, প্রশাসনকে আবারও একদলীয়করণ করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের পরিস্থিতি আপনারা দেখেছেন ও বাসসের পরিস্থিতি দেখেছেন এবং সর্বশেষ আমরা দুদকের পরিস্থিতি দেখলাম। দুদক আইন অনুসারে একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান। কিন্তু বাংলাদেশের ইতিহাসে কখনোই দুদক স্বাধীনভাবে কাজ করতে পারেনি। বিএনপির বর্তমান নেতৃবৃন্দ মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই এক সময় বলেছিলেন, ‘এই দুদক হচ্ছে বিরোধী দল দমনের হাতিয়ার’। এই আমলেও সেই জিনিসটাই থাকবে কি না সেই প্রশ্ন উঠছে। দুদকের চেয়ারম্যান ও কমিশনাররা কেন পদত্যাগ করলেন? সরকার কেন চাপ প্রয়োগ করল? সরকারের চাপে তারা পদত্যাগ করেছেন কি না সেটা আমাদের কাছে স্পষ্ট না। সেই জবাবদিহিতা আমরা নিশ্চিত করতে চাই। নিশ্চয়ই সংসদে গেলে আমরা এ নিয়ে কথা বলব। আপনারা বাইরে যারা জনগণ রয়েছেন, আপনারাও কথা বলবেন।

নাহিদ ইসলাম বলেন, সম্প্রতি দুদকের চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগ নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। দুদকের পরবর্তী চেয়ারম্যান ও কমিশনারদের নিয়োগ কীভাবে হবে আমাদের দলীয় বিবেচনায় নিয়োগ হবে কি না, নাকি বিরোধী দলের সাথে আলোচনা করে নিয়োগ হবে, সে বিষয়ে আমরা প্রশ্ন রাখতে চাচ্ছি। এ বিষয়ে সরকারের কাছ থেকে স্পষ্ট জবাবদিহিতা প্রয়োজন বলে মনে করেন তিনি।

Manual3 Ad Code

বিরোধীদলীয় হুইপ বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে। সিলেটবাসীর প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা সামনের সংগ্রামের প্রস্তুতি নিন এবং ঐক্যবদ্ধ থাকুন। সামনে আমাদের যে আহ্বান আসবে, যে নির্দেশনা আসবে, সেই নির্দেশনা অনুযায়ী আপনারা কাজ করবেন।

সিলেট মহানগর-জেলা, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা এনসিপির আয়োজনে এ ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

এ সময় তিনি বলেন, বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রেখে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। ভবিষ্যতের বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানকে দলীয়করণের চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না।

তিনি আরও বলেন, রাষ্ট্রের প্রয়োজন ও নিরাপত্তার স্বার্থে দেশের দায়িত্বশীল ব্যক্তিরা যে কোনো দেশে সফর করতে পারেন। তবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থ যেন কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। এছাড়া দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতো সংস্থাগুলো দেশের অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব প্রতিষ্ঠানে দলীয় লোক বসিয়ে নিয়ন্ত্রণ করার অপচেষ্টা করা হলে তার বিরুদ্ধে প্রতিবাদ করা হবে।

 

সারজিস আলম বলেন, সাম্প্রতিক জাতীয় নির্বাচনে কিছু আসনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবু দেশের বৃহত্তর স্বার্থে সেই নির্বাচন মেনে নিয়ে গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে যেতে হবে।

আগামী স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা বা ইউনিয়ন পরিষদের কোনো নির্বাচনে যদি কেউ ভোটে প্রভাব বিস্তার বা কারচুপির চেষ্টা করে, তবে তা প্রতিহত করা হবে। এছাড়া জনগণের ভোটের অধিকার জনগণকেই ফিরিয়ে দিতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করে, জনগণ তা মেনে নেবে না।

সারজিস আলম বলেন, অতীতে বিভিন্ন সরকারি দপ্তরে দলীয় সমিতির প্রভাবের কারণে সাধারণ মানুষ হয়রানির শিকার হয়েছে। ভবিষ্যতে এমন পরিস্থিতি যেন তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সিলেটের সড়কের বেহাল অবস্থা। শহরের অনেক সড়ক চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, যা দ্রুত সংস্কার করা প্রয়োজন। এছাড়া সিলেটে আসার পথে বিভিন্ন সড়কের অবস্থা দেখে তিনি বিস্মিত হয়েছেন। অনেক জায়গায় সড়ক এতটাই খারাপ যে সাধারণ মানুষের চলাচল কঠিন হয়ে পড়েছে।

 

Manual3 Ad Code

স্থানীয় সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণমাধ্যমের মাধ্যমে যেন এসব সড়কের বাস্তব চিত্র তুলে ধরা হয়।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com