সিলেটে অ স্ত্রে বড় ভ*য়: ‘এয়ারগা/ন’ এখন আ ত ঙ্ক
নিজস্ব প্রতিবেদক
সিলেটে নতুন এক আতঙ্কের নাম ‘এয়ারগান’। একসময়ের জনপ্রিয় পাখি শিকারের এই অস্ত্র এখন মরণাস্ত্রে পরিণত হয়েছে। সীমান্ত দিয়ে চোরাকারবারিদের হাত দিয়ে দেশের অভ্যন্তরে ঢুকছে এই এয়ারগান। পরে এটি পরিবর্তীত হয়ে সন্ত্রাসীদের হাতের ছোঁয়ায় তা পরিণত হচ্ছে প্রাণঘাতী ‘একনলা বন্দুক’ নামের আগ্নেয়াস্ত্রে। একদিকে বন্যপ্রাণী রক্ষার নামে ব্যবহৃত অস্ত্র এয়ারগান দেশে নিষিদ্ধ। সেই এয়ারগানই এখন সীমান্ত পাড়ি দিয়ে এসে পরিত্যক্ত অবস্থায় মিলে যাচ্ছে সিলেটের বিভিন্ন প্রান্তে। সম্প্রতি র্যাবের অভিযানে উদ্ধার হওয়া একের পর এক ‘অস্ত্রে’ সিলেটজুড়ে বাড়ছে শঙ্কা, বাড়ছে আতঙ্ক।
গত ১৬ মাসে সিলেট বিভাগের ৪ জেলা ও ব্রাহ্মণবাড়িয়া থেকে র্যাব, পুলিশ ও বিজিবি মিলে সর্বমোট ২৫টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ৩ হাজার ৩৫৫ গ্রাম বিস্ফোরক, ১৮টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ৮টি এয়ারগান উদ্ধার করেছে। কিন্তু এত অস্ত্রের সঙ্গে কাউকে পাওয়া যাচ্ছে না। নিকটস্থ থানায় জিডি মূলে হস্তান্তর হওয়া অস্ত্র নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মাঝে। কেউ কেউ বলছেন কোনো অদৃশ্য হাত এই অস্ত্রগুলো ছড়িয়ে দিচ্ছে সিলেটজুড়ে।
সংবাদমাধ্যমে র্যাবের প্রতিদিনের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি পর্যালোচনা করে দেখা গেছে, চলতি মাসের শুরু থেকে ৩০ নভেম্বর পর্যন্ত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে ১ বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১টি শটগান, ১২ বোর শটগান, ৮টি এয়ারগান, ৭ রাউন্ড গুলি, এয়ারগানের গুলি (সিসা পেলেট ) ১ হাজার ১২৫টি ও সাউন্ড গ্রেনেড ১টি জব্দ করেছে। বিশেষ করে ২০ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সিলেটের জৈন্তাপুরে দেশীয়ভাবে তৈরি দুটি আগ্নেয়াস্ত্র, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলা থেকে একটি ১২ বোর শটগান, একটি সাউন্ড গ্রেনেড এবং ৬টি দেশি-বিদেশি এয়ারগান ও ৭২০টি এয়ারগানের গুলি জব্দ করে র্যাব-৯।
অন্যদিকে এসএমপি পুলিশের দেয়া তথ্যমতে, ৫ আগস্ট এসএমপির বিভিন্ন থানা, ফাঁড়ি ও পুলিশ সদস্যদের কাছ থেকে লুণ্ঠিত ১০১টি আগ্নেয়াস্ত্রের মধ্যে ৮৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হলেও বাকি ১৮টি আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। অন্যদিকে লুন্ঠিত ৫ হাজার ৭৪০ রাউন্ড গুলির মধ্যে ৫৪১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এমতাবস্থায় ১৮টি অস্ত্রের সাথে ৫ হাজার ১৯৯ রাউন্ড গুলির কোনো হদিস এখন পর্যন্ত নেই। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে-এসএমজি, চায়না রাইফেল, পিস্তল, শটগান এবং গ্যাস গান রয়েছে বলে জানা গেছে।
এদিকে, বিপুল পরিমাণ এয়ারগানের গুলি ও দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হলেও সিলেটে কাউকে আটক করতে পারেনি র্যাব। তবে তাদের আওতাভুক্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ একজনকে আটক করেছে।
জানা যায়, সর্বশেষ শনিবার (২৯ নভেম্বর) দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে র্যাব-৯, সদর কোম্পানির একটি আভিযানিক দল জৈন্তাপুর থানার লক্ষীপ্রসাদ ফেরিঘাট এলাকার রশিদ ফিল্ড খেলার মাঠ সংলগ্ন একটি ক্লাবঘরের বারান্দায় অভিযান চালিয়ে আবর্জনার স্তুপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তল সদৃশ দেশীয়ভাবে তৈরি দুটি অস্ত্র উদ্ধার করা হয়। প্রাথমিক পর্যায়ে ধারণা করা হচ্ছে এগুলো নাশকতার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল বলে ধারণা করছে র্যাব। উদ্ধার করা দেশীয় অস্ত্র দুটি জিডি মূলে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৯ জানিয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার এলাকা একটি কাঠ বাগানের ঝোপের ভেতর থেকে পরিত্যাক্ত অবস্থায় ৫৩৫টি গুলিসহ ১টি এয়ারগান উদ্ধার করা।
মঙ্গলবার বার (২৫ নভেম্বর) রাত সাড়ে বারোটার পর সিলেটের দক্ষিণ সুরমার সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কের মোল্লাগাঁও খিদিরপুর এলাকার একটি পাকা ঘরের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। র্যাব বলছে, প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে এটি গত বছর জুলাই বিপ্লব চলাকালে সিলেট এলাকায় একটি থানা থেকে লুট হওয়া সাউন্ড গ্রেনেড, যা সাধারণত বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়।
সোমবার (২৪ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে বিয়ানীবাজারের আলীনগরনস্থ কাঠ বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ১ টি বিদেশি এয়ারগান এবং একইদিন ওই উপজেলার ছোটদেশ এলাকায় আগর গাছ ও বাঁশ বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ১২৫টি এয়ারগানের গুলিসহ দুটি বিদেশি এয়ারগান উদ্ধার করা হয়।
রবিবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে অভিযান পরিচালনা করে সিলেটের বিয়ানীবাজার থানার আলীনগরস্থ একটি বাগানের ভিতর থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
একইদিন রবিবার (২৩ নভেম্বর) দুপুর পৌণে ১২টার দিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) সিপিসি-১ ব্রাহ্মনবাড়িয়ার একটি দল অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার নোয়াগাঁওয়ের একটি ব্রিজের পাশের ঝোপের ভেতর থেকে ৪০৫ রাউণ্ড তাজা গুলি এবং দুটি এয়ারগান উদ্ধার করা হয়। এয়ারগান দুটি সচল ও গুলিগুলো তাজা রয়েছে বলে জানিয়েছে র্যাবের গণমাধ্যম বিভাগ। এগুলো আইনী প্রক্রিয়া মেনে সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগের দিন শনিবার (২২ নভেম্বর) রাত দেড়টার দিকে (শুক্রবার দিবাগত রাত) গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের গোলাপগঞ্জের রনকেলি নুরুপাড়ার একটি ঝোপঝাড়ের ভেতর থেকে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। অস্ত্রের মধ্যে রয়েছে ৬০ রাউন্ড তাজা গুলি ও দুটি সচল বিদেশী এয়ারগান। এ ব্যাপারে দুটি জিডি দায়ের করে অস্ত্র ও গুলিগুলো গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাবের গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ।
গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে র্যাব-৯ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার বিয়ানীবাজার থানাধীন লাউতা ইউনিয়নের জলডোপ কালিবহর এলাকায় বাঁশ ঝাড়ের ভিতর থেকে পরিত্যাক্ত অবস্থায় ১টি শটগান উদ্ধার করে। প্রাথমিক পর্যালোচনায় জানা যায় এটি একটি দেশীয় ১২ বোর শটগান। সহজে বহন এবং নাশকতার কাজে ব্যবহারের জন্য এটিকে এয়ারগান থেকে ১২ বোর কার্টিজ ফায়ারের উপযুক্ত করা হয়। বর্তমানে এটি সচল রয়েছে।
গত রবিবার (২৪ আগস্ট) ভোররাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী জাফলং চা বাগান সংলগ্ন কাটারী এলাকায় সিলেট ব্যাটালিয়ন ৪৮-বিজিবির অভিযানে চারটি ভারতীয় এয়ারগান উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোররাতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ইসহাকপুর গ্রামের এলাইছ মিয়ার বাড়ি থেকে পুরাতন কাঠের বাটযুক্ত একনলা বন্দুক, দুইটি পাইপ গান, একটি তাজা কার্তুজ, একটি চাপাতি, ছয়টি ছুরি এবং একটি লোহার তৈরি ক্লিনিং রড উদ্ধার করা হয়।
গত বুধবার (২০ আগস্ট) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থ্যগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের দক্ষিণ পাশে ঘাসের মধ্যে কাপড়ে মোড়ানো অবস্থায় একটি দেশীয় রিভলভার, ৩ রাউন্ড পিতলের গুলি ও ১ রাউন্ড স্টিলের গুলি উদ্ধার করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ান (র্যাব-৯)।
গত রবিবার (১৮ আগস্ট) রাত আনুমানিক সোয়া ১১টার দিকে সিলেটের বিয়ানীবাজার পৌর শহরের ৮নং ওয়ার্ডের সুপাতলা এলাকায় পৌর শহরের ময়লার স্তুপে পলিথিন মোড়ানো অবস্থায় দোনালা বন্দুক উদ্ধার করে র্যাপিড একশন ব্যাটালিয়ান (র্যাব-৯)।
গত শনিবার (১৭ আগস্ট) সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর এলাকার পাথর চুরি ও পাথর লুটপাটের ঘটনায় টাস্কফোর্সের বিশেষ অভিযানে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র, এয়ারগান ও মদসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার (৩ আগস্ট) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওরগাছ গ্রামে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও ইয়াবা বড়িসহ দুই ভাইকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ সিলেটভিউকে বলেন, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধার ও জব্দকৃত আগ্নেয়াস্ত্র, গুলি, এয়ারগান, শটগান ও সাউন্ড গ্রেনেড জিডিসহকালে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।’ তিনি বলেন, ‘৫ আগস্ট এসএমপির বিভিন্ন থানা, ফাঁড়ি ও পুলিশ সদস্যদের কাছ থেকে লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ সিলেটের চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত চলমান রয়েছে।’