• সিলেট, ভোর ৫:৫৮, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মন্ত্রী আরিফের উদ্যোগে স্বপ্ন পূরণ জৈন্তাপুরবাসীর

admin
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৬
মন্ত্রী আরিফের উদ্যোগে স্বপ্ন পূরণ জৈন্তাপুরবাসীর

Manual8 Ad Code

মন্ত্রী আরিফের উদ্যোগে স্বপ্ন পূরণ জৈন্তাপুরবাসীর

জৈন্তাপুর প্রতিনিধি

সিলেটের ঐতিহাসিক জনপদ জৈন্তাপুরে লেগেছে পরিবর্তনের হাওয়া। উপজেলার দুই ইউনিয়নের ১২টি মৌজার নির্ধারিত গ্রামীণ এলাকাকে শহর এলাকা ঘোষণার পর এবার নতুন পৌরসভা গঠনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্য দিয়ে জৈন্তাপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথ সুগম হয়েছে। ইতিহাস-ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনায় সমৃদ্ধ এ জনপদকে পরিকল্পিত নগরায়ণ, আধুনিক নাগরিক সুবিধা ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে আরও উন্নত, সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তোলার স্বপ্ন দেখছেন স্থানীয়রা।

 

গত ১৬ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় জৈন্তাপুরে নতুন পৌরসভা গঠনের প্রস্তাব চূড়ান্ত অনুমোদন পায়। এর আগে ৯ নভেম্বর সচিবালয়ে অনুষ্ঠিত নিকার প্রাক-সচিব কমিটির বৈঠকে প্রস্তাবটি সুপারিশ করা হয়েছিল।

 

জানা যায়, জৈন্তাপুরকে পৌরসভায় উন্নীত করার উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ উদ্যোগের অংশ হিসেবে গত ২৫ ফেব্রুয়ারি তিনি স্থানীয় সরকার বিভাগে একটি আধাসরকারি পত্র (ডিও লেটার) দেন। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ পৌরসভা গঠনের প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নেয়।

Manual3 Ad Code

 

এরই ধারাবাহিকতায় গত ১৪ জুলাই এসআরও নং ২৮১-আইন/২০২৬-এর মাধ্যমে জৈন্তাপুরের নির্ধারিত এলাকাকে শহর এলাকা ঘোষণার উদ্যোগ নেওয়া হয়। পরে ১৫ অক্টোবর প্রকাশিত এসআরও নং ৩৭০-আইন/২০২৬-এর মাধ্যমে ১ নম্বর নিজপাট ও ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের মোট ১২টি মৌজার নির্ধারিত এলাকাকে শহর এলাকা ঘোষণা করা হয়। সর্বশেষ নিকার সভার অনুমোদনের মধ্য দিয়ে পৌরসভা গঠনের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল।

 

সিলেট শহর থেকে জৈন্তাপুর উপজেলা সদরের দূরত্ব প্রায় ৪১ কিলোমিটার। ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনায় সমৃদ্ধ এ উপজেলা। জৈন্তাপুর বাজারের পাশেই রয়েছে প্রাচীন জৈন্তিয়া রাজ্যের রাজা রাম সিংহের রাজবাড়ির ধ্বংসাবশেষ। ঐতিহাসিক বটতলা, প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন প্রাচীন মেগালিথিক পাথর এবং খাসিয়া জনগোষ্ঠীর বৈচিত্র্যময় জীবনধারা এ জনপদকে স্বতন্ত্র পরিচিতি দিয়েছে। অন্যদিকে জৈন্তাপুরের ডিবির হাওরের লাল শাপলার বিল প্রতিবছর অসংখ্য পর্যটককে আকৃষ্ট করে।

 

Manual6 Ad Code

ইতিহাস, ঐতিহ্য ও বৈচিত্র্যময় প্রকৃতিতে সমৃদ্ধ এ জনপদে সময়ের সঙ্গে বেড়েছে জনবসতি ও ব্যবসা-বাণিজ্য। কিন্তু জনসংখ্যা ও নাগরিক চাহিদার তুলনায় গড়ে ওঠেনি পরিকল্পিত নগর ব্যবস্থাপনা ও আধুনিক নাগরিক সেবা। ফলে দীর্ঘদিন ধরে জৈন্তাপুর উপজেলাকে পৌরসভায় রূপান্তরের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দা, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তে সেই দাবির বাস্তবায়নের পথ খুলেছে।

 

উন্নয়নের নতুন সম্ভাবনা দেখছেন স্থানীয়রা

 

জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বেলাল বলেন, জৈন্তাপুর পৌরসভা অনুমোদন হওয়ায় আমরা আনন্দিত। সংসদ সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় দ্রুততার সঙ্গে পৌরসভা গঠনের প্রক্রিয়া এগিয়েছে। পৌরসভা ঘোষণার মাধ্যমে ঐতিহ্যবাহী এ অঞ্চলের উন্নয়নে নতুন ধারার সূচনা হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ বিভিন্ন অবকাঠামো খাতে সমন্বিত উন্নয়ন হবে বলে আমরা আশাবাদী।

 

জৈন্তাপুর পৌরসভা বাস্তবায়ন কমিটির সদস্যসচিব ও সাংবাদিক নুরুল ইসলাম বলেন, দীর্ঘদিনের প্রত্যাশিত পৌরসভা আজ অনুমোদন পেয়েছে। এর ফলে ঐতিহাসিক ও প্রাকৃতিক পর্যটনকেন্দ্রগুলোর সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং অবকাঠামোগত উন্নয়নের পথ সুগম হবে। এতে প্রাচীন ঐতিহ্য রক্ষার পাশাপাশি পর্যটনশিল্পের বিকাশ ঘটবে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছি।

 

তিনি পৌরসভা গঠনের উদ্যোগে অগ্রণী ভূমিকা রাখায় সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Manual8 Ad Code

 

জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ বলেন, জৈন্তিয়াবাসীর দীর্ঘদিনের দাবি ছিল উপজেলা সদরকে পৌরসভায় উন্নীত করা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অনুমোদনের মধ্য দিয়ে সেই প্রত্যাশা পূরণ হয়েছে। মন্ত্রী আরিফুল হক চৌধুরীর উদ্যোগ ও প্রচেষ্টায় এ প্রক্রিয়া বাস্তবায়নের পথে এগিয়েছে। এতে জৈন্তাপুরবাসীর মধ্যে আনন্দ ও আশার সঞ্চার হয়েছে।

 

দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে বৃহত্তর জৈন্তা উন্নয়ন পরিষদের কৃতজ্ঞতা

 

বৃহত্তর জৈন্তা উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক গুলজার আহমদ হেলাল বলেন, বৃহত্তর জৈন্তা উন্নয়ন পরিষদের ১০ দফা দাবির অন্যতম ছিল জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় আধুনিক নগরায়ণ এবং উন্নত নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পৌরসভা বাস্তবায়ন। সেই দাবির ধারাবাহিকতায় সংগঠনের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট দপ্তর এবং স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রীদের কাছে বিভিন্ন সময়ে স্মারকলিপি প্রদান, সভা-সমাবেশসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।

 

তিনি বলেন, আজ জৈন্তাপুর পৌরসভা অনুমোদনের মধ্য দিয়ে দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবি পূরণের পথে এগিয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে যারা সক্রিয় ভূমিকা রেখেছেন, সবার প্রতি আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে সরকারপ্রধান ও মন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পৌরসভা অনুমোদনের মধ্য দিয়ে জৈন্তাপুরবাসীর প্রত্যাশা পূরণে আরও এক ধাপ অগ্রগতি হয়েছে। আমাদের প্রত্যাশা, এভাবে একে একে বৃহত্তর জৈন্তিয়ার অন্যান্য গুরুত্বপূর্ণ দাবি ও উন্নয়ন প্রত্যাশাও বাস্তবায়িত হবে।

 

পরিকল্পিত নগরায়ণের অপেক্ষায় জৈন্তাপুর

Manual2 Ad Code

 

স্থানীয়দের প্রত্যাশা, পৌরসভা প্রতিষ্ঠার মাধ্যমে জৈন্তাপুরে পরিকল্পিত নগরায়ণের পাশাপাশি উন্নত সড়ক যোগাযোগ, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, সড়কবাতি, পরিচ্ছন্নতা, পানি নিষ্কাশন ও নাগরিক সেবার মান বাড়বে। একই সঙ্গে ঐতিহাসিক স্থাপনা ও পর্যটনকেন্দ্রগুলোর সংরক্ষণ এবং পর্যটনবান্ধব অবকাঠামো গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।

 

বিশেষ করে ডিবির হাওরের লাল শাপলার বিলসহ জৈন্তাপুরের দর্শনীয় স্থানগুলোকে পরিকল্পিতভাবে পর্যটন উপযোগী করে গড়ে তোলা গেলে স্থানীয় কর্মসংস্থান ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার পর জৈন্তাপুর পৌরসভা গঠনের অনুমোদনকে ঐতিহাসিক অগ্রগতি হিসেবে দেখছেন স্থানীয়রা। এখন তাদের প্রত্যাশা, দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করে পৌরসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে এবং উন্নয়নের ছোঁয়ায় ইতিহাস-ঐতিহ্যের জনপদ জৈন্তাপুর হয়ে উঠবে আরও আধুনিক, সমৃদ্ধ ও বাসযোগ্য।

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com