লাইসেন্স ছাড়াই বেকারিতে পণ্য উৎপাদন, লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জে নানা অনিয়মে আব্দুল্লাহ ফুড বেকারিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৬ নভেম্বর) সদর উপজেলার লালপুর বাজারে প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানে দেখা যায়, বাধ্যতামূলক পাঁচটি পণ্যের মধ্যে তিনটির বিএসটিআই সিএম লাইসেন্স নেই। পণ্যের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখও উল্লেখ করা হয়নি। এমনকি পণ্য তৈরির কাঁচামাল কেনার রসিদও দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি।
শুধু তাই নয়, বেকারিটির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, ফায়ার সার্ভিস লাইসেন্স, প্রিমিসেস লাইসেন্স ও হালনাগাদ ট্রেড লাইসেন্সও ছিল না।
এসব অনিয়মের দায়ে নিরাপদ খাদ্য আইনে বেকারির ম্যানেজার নাহিদ উল্লাহকে এক লাখ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন।
নিরাপদ খাদ্য কর্মকর্তা শরীফ উদ্দীনের সমন্বয়ে অভিযান পরিচালিত হয়। এ সময় জেলা আনসার ও ভিডিপির সদস্যরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানে নিয়মিত অভিযান ও তদারকি অব্যাহত থাকবে।
সিলেটভিউ২৪ডটকম