আজ প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন
উৎসব পালন না করার নির্দেশ
অনলাইন ডেস্ক
বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের আজ ৬২তম জন্মদিন। ১৯৬৫ সালের ২০ নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান। তাঁর জন্মদিনে কোনো ধরনের উৎসব বা আনুষ্ঠানিকতা পালন না করার জন্য ঢাকাসহ দেশব্যাপী বিএনপির সব ইউনিটের নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, আজকের দিনে কেক কাটা, পোস্টার বা ব্যানার লাগানো এবং আলোচনা সভাসহ কোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান আয়োজন করা যাবে না। মূলত প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক-কোনোভাবেই জন্মদিন পালন না করার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশ প্রতিদিনকে জানান, গত ১৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান দলের ভারপ্রাপ্ত মহাসচিব, সব যুগ্ম মহাসচিব এবং অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে একটি বৈঠক করেন। ওই বৈঠকে নেতারা তাঁর জন্মদিন পালনের অনুমতি চাইলে তিনি তা প্রত্যাখ্যান করেন এবং বলেন, ‘জন্মদিনটা তো আমার।’ বিগত কয়েক বছর ধরেই তিনি তাঁর জন্মদিন পালনের বিষয়ে দলীয় নেতা-কর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে অনুৎসাহিত করে আসছেন। একই প্রসঙ্গে দলের অপর যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ এমপি বলেন, জন্মদিন পালনের অনুমতি চাওয়া হলে প্রধানমন্ত্রী স্পষ্ট জানান যে, এটি তাঁর একান্ত ব্যক্তিগত বিষয় এবং এ নিয়ে কোনো আনুষ্ঠানিকতা হোক, তা তিনি চান না।
বাবা জিয়াউর রহমানের সাদামাটা জীবনযাপনের পরিবেশে শৈশব কাটে বিনয়ী তারেক রহমানের। স্কুলজীবনে তিনি ঢাকা সেনানিবাসের বিএএফ শাহীন হাইস্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করেন এবং কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং তাঁর পছন্দের বিষয় আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগে পড়াশোনা করেন। নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তিনি সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, হবস, লক, রুশো, ভলতেয়ার ও কার্ল মার্কসসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক চিন্তাবিদদের দর্শন অধ্যয়ন করেন। রাষ্ট্র ও রাজনীতির তাত্ত্বিক ভিত্তি সম্পর্কে এই জ্ঞান তাঁর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি গঠনে সহায়ক হয় এবং মা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত গণআন্দোলনের পটভূমিতে তিনি রাজনীতির প্রতি আকৃষ্ট হন। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলায় প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যুক্ত হন তারেক রহমান। পরে ১৯৯৩ সালে বগুড়া জেলা বিএনপির সদস্য হন তিনি। এর ধারাবাহিকতায় ২০০২ সালে বিএনপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, ২০০৯ সালে জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান, ২০১৮ সালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ৯ জানুয়ারি ২০২৬ সালে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৯১ সালের সংসদ নির্বাচনে দলের পক্ষে জনমত গঠনে তারেক রহমান সক্রিয় ভূমিকা রাখেন। দলের জাতীয় প্রচারণা কৌশল কমিটির সদস্য হিসেবে বেগম খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বিতা করা পাঁচটি আসনের নির্বাচনি প্রচারণার সমন্বয় করেন এবং সব কটি আসনেই তাঁর বিজয় সাংগঠনিক দক্ষতার পরিচয় দেয়। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তৃণমূল পর্যায় থেকে বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিশেষ করে সারা দেশে ‘ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন’ এর মাধ্যমে দলকে সুসংগঠিত করেন তিনি। পরবর্তী সময়ে ২০০৭ সালের ১/১১-এর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি নির্যাতনের শিকার হন এবং একাধিক মামলায় তাকে জড়ানো হয়। জামিনে মুক্তি পেয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান তারেক রহমান। সুস্থ হয়ে লন্ডনে নির্বাসিত থেকেও ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে বিএনপিকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। প্রায় ১৬ বছরের ফ্যাসিবাদ শাসনামলের প্রেক্ষাপটে তারেক রহমান রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের রূপরেখা তুলে ধরেন। নির্বাহী, বিচার বিভাগ ও আইনসভাকে অন্তর্ভুক্ত করে প্রণীত তাঁর ৩১-দফা দেশ সংস্কার পরিকল্পনা ইতোমধ্যে আলোচনায় আসে। ২০২৪ সালের ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পর দেশে গণতান্ত্রিক পরিবেশ ও নাগরিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি তিনি একটি যোগ্যতা-ভিত্তিক ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গড়ার ভিশন তুলে ধরেন। দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের জীবন কাটিয়ে গত বছরের ২৫ ডিসেম্বর তিনি দেশে ফেরেন। এরপর ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে সরকার গঠন করেন।
বিডি-প্রতিদিন