এবার উদীচীর কার্যালয়ে হা ম লা ও আ গু ন
অনলাইন ডেস্ক
রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের উল্টোদিকে উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে আধা ঘণ্টা পর সেই আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার রাত পৌনে ৮টার দিকে তোপখানা সড়কের ওই ভবনের দোতলায় থাকা সাংস্কৃতিক সংগঠনটির কার্যালয়ে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
পরে তাদের চারটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় রাত ৮টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে তথ্য দেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের গণমাধ্যম বিষয়ক কর্মকর্তা মো. শাহজাহান।
আগুন লাগার সংবাদের পর রাত ৮টার দিকে উদীচী শিল্পীগোষ্ঠীর একাংশের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন বলেন, “আধা ঘণ্টা আগে উদীচী কার্যালয়ে হামলা হয়েছে। আমি সেখানে যাচ্ছি। এখন পথে আছি। পরে বিস্তারিত জানাবো।”
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, তোপখানা রোডে উদীচীর কার্যালয়ে আগুনের খবর পেয়ে তিনটি ইউনিট সেখানে গেছে। পরে আরও একটি ইউনিট যোগ দেয়।
সংগঠনটির একাংশের সাংগঠনিক সম্পাদক আরিফ নূর এখন অফিসের নিচে রয়েছেন। তিনি বলেন, “আমাদের কার্যালয়ে এখন আগুন জ্বলছে। আমাদের কক্ষটি একটু ভেতরের দিকে। সেই কক্ষেও আগুন জ্বলতে দেখা যাচ্ছে। আমরা বাইরে আছি। আগুন নেভানোর চেষ্টা চলছে।”
পরে রাত ৮টা ২৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিস কর্মকর্তা শাহজাহান বলেন, সন্ধ্যা সাতটা ৪২ মিনিটে তোপখানা রোডের উদীচি কার্যালয়ে আগুনের খবর আসে। চার মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে পৌঁছায়। আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন সেখানে চারটি ইউনিট কাজ করছে।