আ ক স্মি ক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, দিলেন যে নির্দেশনা
অনলাইন ডেস্ক
দেশে জ্বালানি তেলের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে আকস্মিক পাম্প পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। পরিদর্শনকালে তিনি পাম্প কর্তৃপক্ষকে জ্বালানি তেল বিক্রিতে নির্দিষ্ট সীমা মেনে চলার নির্দেশনা দেন।
ভিডিওতে দেখা যায়, মন্ত্রী রাজধানীর একটি ফিলিং স্টেশনে গিয়ে সরাসরি গ্রাহক এবং পাম্পের কর্মকর্তা-কর্মচারীদের সাথে কথা বলছেন।
মন্ত্রী পাম্প মালিকদের উদ্দেশ্যে বলেন, ‘একবারে সব তেল দিয়ে দিলে পাম্প দ্রুত খালি হয়ে যাবে। বিশ্বে যুদ্ধ চলছে, এর প্রভাব আমাদের ওপরও পড়ছে। তেল সাশ্রয় না করলে ভবিষ্যতে পাম্প বন্ধ করে বসে থাকতে হবে।’
তিনি উদাহরণ দিয়ে বলেন, ‘সংসারে এক মণ চাল থাকলে এবং সরবরাহ না থাকলে আপনি কি তা একদিনে খেয়ে ফেলবেন? মানুষকে বোঝান যে তেল আছে, কিন্তু আমাদের সাশ্রয়ী হতে হবে।’
গ্রাহকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘অস্থির হয়েন না। খামাখা সময় নষ্ট করতেছেন। তেল মজুত আছে কিন্তু তা পরিমিতভাবে ব্যবহার করতে হবে’।
মন্ত্রী আরও স্পষ্ট করেন যে, পাম্প যাতে সচল থাকে এবং সবাই যাতে তেল পায়, সেজন্যই এই ‘রেশনিং’ বা বিক্রির সীমা নির্ধারণ করা জরুরি। তিনি পাম্প কর্তৃপক্ষকে নির্দেশ দেন সাধারণ মানুষকে এই পরিস্থিতি বুঝিয়ে বলতে এবং অতিরিক্ত তেল বিক্রি না করতে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের জেরে বিশ্ববাজারে তেল-গ্যাস সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে দেশে জ্বালানি সংকট দেখা দেওয়ার আশঙ্কায় রাজধানীসহ বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পে ভিড় বেড়েছে। পরিস্থিতির খোঁজ নিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ হঠাৎ পাম্প পরিদর্শন করেছেন।
বিডি প্রতিদিন