ঘরমুখো যাত্রীদের চাপ থাকলেও নেই যানজটের ভো গা ন্তি
অনলাইন ডেস্ক
প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে ট্রাকে করে ঘরে ফিরছেন উত্তরাঞ্চলের মানুষ।
দীর্ঘদিন পরিবারের কাছ থেকে দূরে থাকার পর প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে ঘরে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রতি বছরই কয়েক দিনের জন্য কর্মজীবী নারী-পুরুষ বাড়ি ফেরেন। কিন্তু সেই যাত্রা যদি স্বস্তিদায়ক না হয়, তাহলে ম্লান হয়ে যায় ঈদের আনন্দ।
তবে এবার ঘরমুখো যাত্রীদের চাপ থাকলেও নেই যানজটের ভোগান্তি। বাস টার্মিনাল, রেলস্টেশন এবং লঞ্চ টার্মিনাল পর্যন্ত যানজটের কোনো প্রকার ভোগান্তি ছাড়াই অপেক্ষাকৃত দ্রুত সময়ের মধ্যে যেতে পারছে মানুষ। এছাড়া দেশের উত্তর অঞ্চলের সড়কগুলোও যানজটমুক্ত।
প্রতি বছর ঈদযাত্রায় ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশের তৎপরতা দেখা গেলেও, এবার টহল জোরদার না থাকায় ভোগান্তি বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এতে নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করছেন যাত্রীরা। তবে বগুড়া জেলা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কে টহল জোরদার করা হয়েছে এবং বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
যাত্রীরা জানান, মহাসড়কে হাইওয়ে পুলিশের টহল জোরদার না থাকলে চুরি, ছিনতাই ও ডাকাতির ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে ঈদের সময় ‘মলম পার্টি’ ও ‘গামছা পার্টি’র মতো প্রতারক চক্র সক্রিয় হয়ে ওঠে। এরা খাবারের সঙ্গে চেতনানাশক দ্রব্য মিশিয়ে যাত্রীদের অজ্ঞান করে মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয়। ফলে নিরাপদে বাড়ি ফেরা নিয়ে উদ্বেগ বাড়ছে।
এদিকে, ঈদের ছুটি শুরুর আগ থেকেই বাস ও ট্রেনের টিকিট কাউন্টারগুলোতে ঘরমুখো মানুষের ভিড় দেখা যাচ্ছে। রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন বগুড়াসহ উত্তরাঞ্চলের মানুষ। সড়ক পথের পাশাপাশি রেলপথেও বেড়েছে যাত্রীদের চাপ। অনেকেই সড়কপথের ঝুঁকি এড়িয়ে ট্রেনে ভ্রমণকে বেশি নিরাপদ মনে করছেন। এ কারণে ঈদের সময় বিশেষ ট্রেনের সংখ্যা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন সাধারণ যাত্রীরা।
বগুড়া জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ জানান, ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কে টহল জোরদার করা হয়েছে। গত চার দিন ধরে পুলিশ ২৪ ঘণ্টা কাজ করছে এবং যাত্রীদের সেবা দিতে একাধিক টিম মাঠে রয়েছে।
বিডি-প্রতিদিন