ফাইল ছবি
সাগরে আবারও লঘুচাপ
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা
অনলাইন ডেস্ক
দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে। এদিকে সম্প্রতি ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হানা ঘূর্ণিঝড় ‘অর্ণব’ দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি ভারতের ছত্তিশগড় ও আশপাশের এলাকায় অবস্থান করছে।
শুক্রবার (৩০ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত পাঁচ দিনের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরবর্তী চার দিনেও দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে দিন ও রাতের তাপমাত্রা কমার আভাস দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন