সিলেটে ভারতীয় চা-পাতাসহ বিপুল পরিমাণ বি স্ফো র ক উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
সিলেটের জৈন্তাপুর উপজেলায় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চা-পাতা ও নিম্নমানের অবৈধ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে জৈন্তাপুরের হরিপুর এলাকার ভেলুপাড়া গ্রামে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি-৯) ও সিলেট জেলা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
এসআরবি জানায়, জৈন্তাপুরের হরিপুর (ফতেপুর) ইউনিয়নের ভেলুপাড়া গ্রামের জনৈক নূরুল উল্লাহর বসতঘরের পূর্ব পাশের একটি কক্ষে এই অভিযান পরিচালনা করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে নূরুল উল্লাহসহ দুই অজ্ঞাতনামা ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে তল্লাশি চালিয়ে পুরোনো প্লাস্টিকের ২২টি বস্তায় ১ হাজার ১০০ কেজি ভারতীয় চা-পাতা, ২টি বস্তায় ৫৫২ বাক্স তুফান চকলেট বোমা (HAPPY FIREWORKS) এবং ১২ হাজার ১৫০ প্যাকেট ভারতীয় তারাবাজি (Atithi 7cm Electric SPARKLERS) উদ্ধার করা হয়।
এসআরবি-৯ এর মিডিয়া অফিসার কেএম শহিদুল ইসলাম জানান, পলাতক নূরুল উল্লাহসহ অজ্ঞাতনামা দুই ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামত জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/