• সিলেট, রাত ১:১৩, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মহান খলিফা হজরত আবু বকর (রা.)

admin
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২৬
মহান খলিফা হজরত আবু বকর (রা.)

Manual2 Ad Code

সংগৃহীত ছবি

 

মহান খলিফা হজরত আবু বকর (রা.)

এম. এ. মান্নান

Manual2 Ad Code

 

 

ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর (রা.) আশারাতুল মুবাশশারার অন্তর্ভুক্ত প্রিয় সাহাবিদের একজন। ইসলাম ধর্মের প্রথম খলিফা শুধু নন, তিনি ছিলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। মক্কার বিখ্যাত কুরাইশ বংশে ৫৭৩ খ্রিস্টাব্দে হজরত আবু বকর সিদ্দিক (রা.) জন্মগ্রহণ করেন। তাঁর বাল্যনাম ছিল আবদুল্লাহ, আবু বকর ছিল ডাকনাম। ইসলাম গ্রহণ করার পর তিনি সিদ্দিক বা সত্যবাদী এবং আতিক বা দানশীল খেতাব লাভ করেন। আবু বকরের পিতার নাম ছিল ওসমান, কিন্তু ইতিহাসে তিনি আবু কুহাফা নামেই সুপরিচিত। মাতার নাম উম্মুল খায়ের সালমা। আবু বকরের মাতা-পিতা উভয়েই বিখ্যাত কুরাইশ বংশের তায়িম গোত্রের লোক ছিলেন। রসুল (সা.)-এর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তিনি। প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে তিনি প্রথম ইসলাম গ্রহণ করেন। এ বিষয়ে বাবা, স্ত্রী এমনকি পুত্রের বিরোধিতার মুখে পড়েন হজরত আবু বকর (রা.)। তাঁর মা প্রথম দিকে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং পিতা হিজরির অষ্টম বছরে ইসলামে দীক্ষিত হন। আবু বকরের স্ত্রী কুতাইলা বিনতে আবদুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করেননি। আবু বকর তাকে তালাক দেন। ছেলে আবদুর রহমান ইসলাম গ্রহণ না করায় আবু বকরের সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। আবদুর রহমান পরবর্তীকালে ইসলামের ছায়াতলে আশ্রয় নেন।

Manual3 Ad Code

আবু বকরের ইসলাম গ্রহণ বিশিষ্টজনদের অনুপ্রাণিত করে। তিনি তাঁর ঘনিষ্ঠ বন্ধুদের ইসলাম গ্রহণে উৎসাহ জোগান। তরুণ বয়সে আবু বকর (রা.) একজন বণিক হিসেবে জীবিকা নির্বাহ করেন। তিনি প্রতিবেশী সিরিয়া, ইয়েমেন ও অন্যান্য অঞ্চলে ব্যবসার সুবাদে ভ্রমণ করেছেন। এর মাধ্যমে তিনি সম্পদশালী হয়ে ওঠেন এবং অভিজ্ঞতা অর্জন করেন। তিনি ছিলেন তাঁর গোত্রের একজন শীর্ষ নেতা। ইয়েমেন থেকে বাণিজ্য শেষে ফেরার পর তিনি মহানবী মুহাম্মদ (সা.)-এর ইসলাম প্রচারের সংবাদ পান। এরপর তিনি ইসলাম গ্রহণ করেন। আবু বকর (রা.)-এর মেয়ে বিবি আয়েশার সঙ্গে রসুল (সা.)-এর বিয়ের ফলে তাঁদের দুজনের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে।

Manual1 Ad Code

আবু বকর (রা.) একজন একনিষ্ঠ সহচর হিসেবে রসুল (সা.)কে সহযোগিতা করেছেন। তাঁর জীবদ্দশায় বেশ কয়েকটি যুদ্ধে অংশ নেন। হুদায়বিয়ার সন্ধিতে আবু বকর অংশ নেন এবং তিনি ছিলেন এই চুক্তির অন্যতম সাক্ষী। ইসলামের সেবায় হজরত আবু বকর (রা.) তাঁর অর্জিত অর্থ অকাতরে ব্যয় করেন। একবার রসুল (সা.) তাঁকে প্রশ্ন করেন, ‘তুমি তোমার পরিবারবর্গের ভরণপোষণের জন্য কী রেখেছ?’ তার উত্তরে তিনি বলেন, ‘আল্লাহ ও তাঁর রসুলকে।’ মদিনার মসজিদ ও মহানবীর বাসগৃহ নির্মাণ এবং তাবুক অভিযান ও অন্যান্য ব্যাপারে তিনি একাই ব্যয়ের বৃহত্তর অংশ বহন করেন। ইসলাম তথা মহানবী (সা.)-এর জন্য আবু বকর (রা.) তাঁর সর্বস্ব বিলিয়ে দিতেও কুণ্ঠিত হননি। তাঁর সম্পর্কে মহানবী (সা.) নিজেই বলেছেন, ‘আবু বকরের ধনসম্পদ ব্যতীত অন্য কারও সম্পদ আমার এত উপকারে আসেনি।’ বেলালসহ যেসব গোলাম ইসলাম কবুল করে মনিবদের নির্যাতন ভোগ করছিলেন, আবু বকর (রা.) তাঁদের অনেককে খরিদ করে মুক্ত করেন। ইসলাম প্রচারে তিনি সর্বশক্তি নিয়োগ করেন এবং হজরত ওমরের কথায়, ইসলামের সেবায় কেউ তাঁকে অতিক্রম করতে পারেননি।

রসুল (সা.)-এর মৃত্যুর পর তাঁর উত্তরাধিকার নিয়ে মুসলিমদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। মুহাজির ও আনসাররা নিজেদের মধ্য থেকে নেতা নির্বাচনের পক্ষে ছিল। কিছু গোত্র পুরোনো প্রথা অনুযায়ী গোত্রভিত্তিক নেতৃত্ব ব্যবস্থায় ফিরে যেতে চায়। আনসাররা সাকিফা নামক স্থানে একত্র হয়ে এ বিষয়ে আলোচনা শুরু করে। এরপর আবু বকর, ওমর ও আবু উবাইদা ইবনুল জাররাহ সেখানে যান। সভার আলোচনায় একপর্যায়ে ওমর ইবনুল খাত্তাব আবু বকর (রা.)-এর প্রতি তাঁর আনুগত্য প্রকাশ করেন এবং আবু উবাইদা ইবনুল জাররাহও একই পথ অনুসরণ করেন। এরপর বাকিরাও আবু বকর (রা.)কে নেতা হিসেবে মেনে নেন। আবু বকর (রা.) তাঁর শাসনামলে দুই বছরের কিছু বেশি সময় খলিফা থাকাকালে অস্থিতিশীলতার সম্মুখীন হন এবং তিনি তা সফলভাবে মোকাবিলা করেন। একাধিক ভণ্ড নবীর সমর্থকদের তিনি দমন করেন। তিনি বাইজেন্টাইন ও সাসনীয় সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন যা ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। তাঁর আমলে ইসলামি খেলাফত শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়। এই মহান খলিফা ৬৩৪ সালের ২৩ আগস্ট অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার মাত্রা বৃদ্ধি পাওয়ায় তিনি শয্যাশায়ী হন। আবু বকর (রা.) তাঁর উত্তরসূরি মনোনয়নের প্রয়োজনীয়তা অনুভব করেন যাতে তাঁর মৃত্যুর পর মুসলিমদের মধ্যে সমস্যা দেখা না দেয়। অন্য সাহাবিদের সঙ্গে পরামর্শ করে তিনি ওমর ইবনুল খাত্তাব (রা.)কে তাঁর উত্তরসূরি হিসেবে নিয়োগ দেন। ৬৩৪ সালের ২৩ আগস্ট আবু বকর মারা যান।

লেখক : প্রতিষ্ঠাতা সভাপতি, আল জান্নাতু হাফিজিয়া কোরআন রিসার্চ অ্যান্ড ক্যাডেট ইনস্টিটিউট

Manual8 Ad Code

 

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com