মাধবপুরে রোগীরা পেলেন ৩২ লাখ টাকার সরকারী চিকিৎসা সহায়তার চেক
মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ৩২ জন রোগীর মধ্যে ৩২ লাখ টাকা চিকিৎসা সহায়তা বিতরণ করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল। প্রত্যেক রোগীকে এক লাখ টাকা করে এ সহায়তা দেওয়া হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে মাধবপুর উপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে রোগীদের মধ্যে এ সহায়তার চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান, এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুবেল মন্ডল।
সহায়তা পাওয়া রোগীরা ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, থ্যালাসেমিয়া ও লিউকেমিয়াসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত।
চেক বিতরণকালে সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেন, অসুস্থতা একটি পরিবারের জন্য বড় ধরনের আর্থিক ও মানসিক সংকট। অর্থের অভাবে যেন কোনো অসহায় মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সরকার আন্তরিক। অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্বের পাশাপাশি মানবিক কর্তব্যও। ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে এ ধরনের সহায়তা অব্যাহত রাখার চেষ্টা করা হবে।
সিলেটভিউ২৪ডটকম