যে কারণে সারমিন বেকারিকে ১ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে সারমিন বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনের দায়ে এ জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে যৌথ অভিযান চালায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সুনামগঞ্জ জেলা কার্যালয় ও জামালগঞ্জ উপজেলা প্রশাসন। অভিযানে বেকারির ভেতরে নোংরা পরিবেশ পাওয়া যায়। কর্মীদের অপরিচ্ছন্ন হাতে খাবার তৈরি করতে দেখা যায়। কারও পরনে অ্যাপ্রোন বা হেয়ারনেট ছিল না। হাতে ছিল না গ্লাভস।
এ ছাড়া তৈরি খাবার মেঝেতে রাখা ছিল। খামিরও পাটের বস্তায় মেঝেতে সংরক্ষণ করা হচ্ছিল।
অভিযানে আরও দেখা যায়, প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স ছাড়া প্রয়োজনীয় অন্যান্য অনুমোদন নেই। বাধ্যতামূলক বিএসটিআই সিএম লাইসেন্স ছাড়াই পণ্য উৎপাদন করা হচ্ছিল।
এসব অনিয়মের দায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিল্পী রাণী মোদক নিরাপদ খাদ্য আইন অনুযায়ী বেকারির ম্যানেজার তোফায়েল আহমেদকে ১ লাখ টাকা জরিমানা করেন।
অভিযানে সার্বিক সমন্বয় করেন সুনামগঞ্জের নিরাপদ খাদ্য কর্মকর্তা শরীফ উদ্দীন।
নিরাপদ খাদ্য কর্মকর্তা শরীফ উদ্দীন বলেন, বেকারি পণ্য শিশু-কিশোরসহ সব বয়সের মানুষের কাছে জনপ্রিয়। তাই এসব পণ্য তৈরিতে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে। কর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নিরাপদভাবে কাঁচামাল সংরক্ষণ করতে হবে।
তিনি আরও বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে জনস্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টি করা যাবে না। খাদ্য ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। ভোক্তাদের নিরাপদ খাবার নিশ্চিত করতে হবে।
জনস্বার্থে এ ধরনের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সুনামগঞ্জ জেলা কার্যালয়।
সিলেটভিউ২৪ডটকম